ঢাকা, মার্চ ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইয়াং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার শিরোপা জিতেছে সিলেট বিভাগ। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে শনিবার খুলনা বিভাগকে ১১৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে তারা।
জাকির হোসেনের ৪৪, শাহনুর রহমানের ৩৭ ও ফাহাদ হোসেনের ২৯ রানের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ১৯৬ রান করে সিলেট।
খুলনার সাব্বির রহমান ও মেহদী হাসান ২টি করে উইকেট নেন।
জেতার জন্য ১৯৭ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে সিলেটের বোলিং তোপে ৭৭ রানেই গুটিয়ে যায় খুলনার ইনিংস।
সিলেটের আব্দুল আহাদ ও আসাদুল হাসান ৩টি করে উইকেট নেন।
পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আ হ ম মোস্তফা কামাল।
ছয় বিভাগের ৮টি দল নিয়ে হয় প্রতিযোগিতা। বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, টুর্নামেন্টে অংশ নেয়া দলগুলো থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে প্রশিক্ষণ দেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০২৩ ঘ.
bdnews24