অকল্যান্ড, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভেট্টোরির ঝড়ের পরও রক্ষা পেয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে ১২ রানে হারিয়ে জিতে নিয়েছে দ্বিতীয় একদিনের ম্যাচ। ডার্কওয়ার্থ ও লুইস পদ্ধতিতে জয়ের জন্য বেঁধে দেয়া ৪৫ ওভারে ২৬৬ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে নিউজিল্যান্ডের ইনিংস গুটিয়ে যায় ২৫৩ রানে, ৪৩ ওভার ২ বলে।
প্রথমে ব্যাট করে ব্র্যাড হ্যাডিন, ক্যামেরোন হোয়াইট ও মাইক হাসির অর্ধ-শতকের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া করে ২৭৩, সাত উইকেটে।
ইডেন পার্কে শনিবার জিতলেও বেশ কয়েকবার অস্বস্তিকর অবস্থায় পড়তে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ঘাড়ে ব্যাথা নিয়ে খেলেও কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি দলকে টেনে নিয়ে যান জয়ের দোর গোড়ায়। শেষ ১১ বলে প্রয়োজন ছিল ১৩ রানের। রায়ান হ্যারিসের স্ট্যাম্পের ওপরের বল আড়াআড়িভাবে এগিয়ে গিয়ে স্কোয়ার লেগের পেছনে ফ্লিক করেন ভেট্টেরি। কিন্তু ব্যাটকে ফাঁকি দিয়ে বল আঘাত হানে স্ট্যাম্পে। সেই সঙ্গে সমাপ্তি ঘটে ভেট্টোরির ৪৯ বলে ৭০ রানের দুর্দান্ত একটি ইনিংসের। অস্ট্রেলিয়াও বেঁচে যায় পাঁচ ম্যাচের সিরিজে ২-০ তে পিছিয়ে পড়ার হাত থেকে। দড়ির ওপারে বল পাঠান ভেট্টোরি আটবার। আর হাওয়ায় ভাসিয়ে দু'বার।
ঘাড় ব্যাথার কারণে চ্যাপেল-হ্যাডলি সিরিজের প্রথম ম্যাচ খেলতে পারেননি ভেট্টোরি। এই খেলাতেও বিশ্রামে থাকার কথা ছিল। কিন্তু তার সহকারী রস টেলর পায়ে চোট পাওয়ায় শেষ মুহূর্তে দল থেকে সরে দাঁড়াতে বাধ্য হন। ফলে দলের নেতৃত্বে ফিরে আসতে হয় ভেট্টোরিকে। লেজের দিকের ব্যাটসম্যান গ্যারেথ হোপকিনস ( ৩৯ বলে ৩৫ রান), ড্যারিল টাফি (১৬ বলে ২০ রান), শেন বন্ড (১২ বলে ৬) ও টিম সুথিকে (৮ বলে ৪) নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ জুটি গড়ে তোলেন।
পাশাপাশি ভেট্টোরির ঝড়ে খুব একটা স্বস্তিতে ছিল না অস্ট্রেলিয়া। মাঝে মধ্যেই অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিংয়ের কপালে দুশ্চিন্তার ভাজ পড়ছিল।
এর আগে মাত্র ১৩১ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে পথ হারিয়ে বসেছিল নিউজিল্যান্ডের ইনিংস। টপ ও মিডল-অর্ডার ব্যাটসম্যানদের মধ্যে স্কট স্টাইরিস ৫৮ বলে ৪৬, ব্রেন্ডন ম্যাককালাম ১৬ বলে ২৪ ও মার্টিন গুপটিল ৩৪ বলে ১৮ রান করেন। এছাড়া উল্লেখ করার মতো রান কেউ করতে পারেননি।
অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে ৪টি উইকেট নেন মিচেল জনসন, ৫১ রানে। হ্যারিস ৩৪ রানে নেন ৩ উইকেট ও ওয়াটসন নেন ২ উইকেট, ৩৩ রানে।
খেলার শুরুতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পন্টিং। দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও ব্র্যাড হ্যাডিন শক্ত ভিত্তি রচনা করেন ইনিংসের। উদ্বোধনী জুটিতে ভাঙ্গন ধরে ৭৩ রানের মাথায়। টাফির বলে গুপটিলের হাতে ধরার পড়ে বিদায় নেয়ার আগে ওয়াটসন করেন ৪৭। তার ৪৮ বলের ইনিংসে ৭টি চার ও একটি ছক্কা রয়েছে।
পন্টিং (১) ও মাইকেল ক্লার্ক (১১) তাদের নামের প্রতি সুবিচার করতে না পারলেও হোয়াইট ৬০ বলে ৫৪, হাসি ৬৩ বলে ৫৬ ও জেমস হোপস ২৪ বলে ২৯ রান করলে লড়াই করার মতো পূঁজি পায় অস্ট্রেলিয়া।
কিউই বোলারদের মধ্যে বন্ড ও ভেট্টোরি ২টি করে উইকেট নেন। এ জন্য বন্ডের খরচ হয় ৪২ রান। ভেট্টোরি দেন ৪৩।
নিউজিল্যান্ডের ইনিংস শুরুর আগে আগে বৃষ্টি হওয়ায় কপাল রীতিমতো খুলে যায় অস্ট্রেলিয়ার। নিউজিল্যান্ডের নির্ধারিত ৫০ ওভার থেকে কেটে নেয়া হয় ৫ ওভার। অথচ জয়ে লক্ষ্য কমে মাত্র ৮ রান।
দল হারলেও ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন ভেট্টোরি।
এই ম্যাচ অস্ট্রেলিয়া জেতায় সিরিজ সমতায় ফিরলো ১-১ এ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭১০ ঘ.
bdnews24