ঢাকা, মার্চ ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের পর একদিনের সিরিজ জয়ের টার্গেট লক্ষ্য সফরকারী ইংল্যান্ডের। অপর দিকে টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে জয় না পাওয়া বাংলাদেশও ইংলিশদের বিপক্ষে একটি জয়ের জন্য মুখিয়ে রয়েছে। সে চাওয়ার সঙ্গে যোগ হয়েছে সিরিজ বাঁচানোর আকুতি। এমন প্রেক্ষাপটেই মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ড।
টানা আট ম্যাচ হারা বাংলাদেশ কি ঘুরে দাঁড়াতে পারবে? নাকি অ্যালিস্টার কুক অধিনায়ক হিসেবে প্রথম সিরিজ জয়ের স্বাদ নিবেন। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একদিনের দ্বিতীয় ম্যাচেই তা নিষ্পত্তি হয়ে যাবে।
প্রথম ম্যাচের ব্যর্থতা থেকে শিক্ষা নেয়া বাংলাদেশ সহজেই ছেড়ে দেবে না সোমবার অনুশীলনের সময় তামিম, মুশফিকদের আত্ম-বিশ্বাসেই তা বোঝা যাচ্ছিল। ম্যাচের আগের দিন মিরপুর স্টেডিয়ামে প্রচন্ড গরমেও দীর্ঘ অনুশীলন করেছেন বাংলাদেশ দলের খেলোয়াড়রা।
অনুশীলন শেষে ফিরে যাওয়ার সময় ঘাম ঝরানো শরীর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন মুশফিকুর রহিম। মঙ্গলবারের ম্যাচের প্রসঙ্গ তুলতেই বললেন, "ইংল্যান্ডকে হারানো অসম্ভব কিছু না। আগে ব্যাট করলে ২৭০/২৮০ রান করতে পারলে ওদের জেতা কঠিন হয়ে যাবে। আমাদের টপ অর্ডার ব্যাটসম্যানরা পুরো ৫০ ওভার খেলতে পারলে সহজেই বড় স্কোর চলে আসবে।"
কিন্তু মুশফিকের নিজেরই পারফরমেন্স ভাল যাচ্ছে না সেদিকে ইঙ্গিত করতেই তিনি বলেন, "গত কয়েক সিরিজেই ভাল ব্যাট করছি। কিন্তু কিপিং করতে গিয়ে মিস হচ্ছে। আমি চেষ্টা ও কঠোর অনুশীলন করছি।"
মুশফিকের সমস্যা নিয়ে কোচ জ্যামি সিডন্সের ভাবনা অবশ্য অন্যরকম,"মুশফিক খূব শক্ত চরিত্রের। নিজের ওপর চাপ নিয়ে খেলে। আগে ব্যাটিংয়ে বেশী চাপ নেয়ার চেষ্টা করতো কিন্তু এখন কিপিংয়ে সেটা করার ফলেই খারাপ করছে।
তবে সেটা মুশফিক দ্রুতই কাটিয়ে উঠবে বলে বিশ্বাস সিডন্সের।"
শীর্ষ ব্যাটসম্যানদের প্রতিও আস্থা রাখলেন কোচ, "ইমরুল নিউজিল্যান্ডে শতরান করেছে। মুশফিক, রিয়াদ ওরাও বড় ইনিংস খেলার সামর্থ্য রাখে।"
তাদের সামর্থ্য নিয়ে প্রশ্ন না থাকলেও একসঙ্গে সবাই পারফরমেন্স দেখাতে পারছেন না। এটাই সবচে বড় দুশ্চিন্তা হয়ে দেখা দিয়েছে বাংলাদেশ দলের জন্য।
অন্যদিকে সিরিজে ১-০ তে এগিয়ে থাকা ইংল্যান্ড দ্বিতীয় ম্যাচে জিতলেই সিরিজ নিশ্চিত করবে। তাই জয়ের ব্যাপারে তারাও কোনো ছাড় দেবে না। অ্যালিস্টার কুকের বদলে সোমবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে হাজির হওয়া গ্রায়েম সোয়ান সেটাই জানিয়ে দিলেন, "বাংলাদেশ দলে কিছু সত্যিকারের প্রতিভা রয়েছে। গত কয়েক বছর ধরেই ওরা উন্নতি করছে। কিন্তু সামনের ম্যাচ জিতে সিরিজ জয় করতে চাই আমরা।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/০০৩০ ঘ.
bdnews24