ঢাকা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় পর্বে বৃহস্পতিবার ঢাকা বিভাগকে ২১৮ রানে হারিয়েছে চট্টগ্রাম বিভাগ। জয়ের জন্য চট্টগ্রামের বেঁধে দেয়া ৪০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৮৫ রানেই গুটিয়ে যায় ঢাকা বিভাগের ইনিংস।
রাজশাহী ও খুলনা বিভাগের অপর ম্যাচটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে। মাঠ ভেজা থাকায় চতুর্থদিন খেলা হয়নি।
খুলনা বিভাগীয় স্টেডিয়ামে চতুর্থদিন ৯ উইকেটে ৩৩০ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে চট্টগ্রাম। ফলে ঢাকার চেয়ে চট্টগ্রাম এগিয়ে যায় ৪০৩ রানে।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভাল হয়নি ঢাকা বিভাগের। দলীয় ১৬ রানেই উদ্বোধনী ব্যাটসম্যান রনি তালুকদারের উইকেট হারায় ঢাকা। এরপর থেকে নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে ঢাকা বিভাগের। এর মধ্যে রান-আউট হন তিন ব্যাটসম্যান।
মার্শাল আইয়ুব ও মেহরাব হোসেনের ম্যাচ বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন। কিন্তু শেষের দিকের ব্যাটসম্যানরা লড়তে না পারায় হার মেনেই মাঠ ছাড়তে হয় ঢাকা বিভাগকে।
চট্টগ্রাম প্রথম ইনিংসে ৩১২ রান করে। জবাবে ঢাকা করে ২৩৯।
ম্যাচ সেরা নির্বাচিত হন চট্টগ্রামের কাজী কামরুল।
এদিকে আগের রাতের বৃষ্টির কারণে বিকেএসপির মাঠ ভেজা থাকায় চতুর্থদিন রাজশাহী ও খুলনা বিভাগের খেলা মাঠে গড়ায়নি। ফলে অমীমাংসিতভাবে শেষ হয় ম্যাচ।
ম্যাচ সেরা হন রাজশাহী বিভাগের নাসির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/এসএ/টিআর/২১১১ ঘ.
bdnews24