২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নাটকীয় জয় ভারতের

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভারত। রোববার সফরকারীদের বিপক্ষে এক রানের নাটকীয় জয় তুলে নেয় স্বাগতিক দল। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ভারতের ২৯৮ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ২৯৭ রান করে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Feb 2010, 06:13 PM

Updated : 24 Aug 2022, 06:58 PM

জয়পুর, ফেব্রুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওডিআই সিরিজের প্রথম ম্যাচে শ্বাসরুদ্ধকর জয় পেয়েছে ভারত। রোববার সফরকারীদের বিপক্ষে এক রানের নাটকীয় জয় তুলে নেয় স্বাগতিক দল। নির্ধারিত ওভারে ৯ উইকেটে ভারতের ২৯৮ রানের জবাবে সবকটি উইকেট হারিয়ে ২৯৭ রান করে দক্ষিণ আফ্রিকা। শেষ ওভারে জয়ের জন্য ১০ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার। হাতে দুই উইকেট। বোলার প্রভিন কুমার ওভারের দ্বিতীয় বলেই বোল্ড করেন ১৯ বলে ৩৫ করা স্টেইনকে। কিন্তু ক্রিজে তখনো পার্নেল। শেষ বলে জয়ের জন্য ৩ রান প্রয়োজন সফরকারিদের। দুই রান নিয়ে ম্যাচ ড্র করতে যাচ্ছিলেন পারনেল। কিন্তু উইকেটে পৌঁছার আগেই ধোনি দুর্দান্তভাবে পারনেলের (৪৯) স্ট্যাম্প ভেঙ্গে দলের জয় নিশ্চিত করেন। এর আগে ১৮০ রানেই ৭ উইকেট হারিয়ে খাদের কিনারে চলে যায় সফরকারী দল। কিন্তু নাটকীয়তার শুরু এর পরেই। ২২৫ রানে ক্যালিস ফিরে গেলে জয় অনেকটা ভারতের হাতের মুঠোতে চলে আসে। কিন্তু ৯ম উইকেটে মাত্র ৩৭ বলে ৬৫ রান করে উল্টো দক্ষিণ আফ্রিকাকে জয়ের সুবাস এনে দিচ্ছিলেন দুই ব্যাটসম্যান স্টেইন ও পার্নেল। প্রভিন কুমারের কৌশলী বোলিংয়ে শেষ মুহূর্তে সফরকারিদের হাতের মুঠো থেকে ম্যাচ বের করে আনে ভারত। ২৯৯ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে বসম্যান ও গিবসের উদ্বোধনী জুটিতেই অর্ধশত রান পেয়ে যায় প্রোটিয়াসরা। দলীয় ৫৮ রানে বসম্যান (২৯) ও ৬৪ রানে গিবস (২৭) ফিরে গেলে কিছুটা চাপে পড়ে সফরকারীরা। কিন্তু ক্যালিসের ৮৯ রানের ইনিংসে তখনো লক্ষ্যচ্যূত হয়নি দক্ষিণ আফ্রিকার। জয়পুর সাঁই মানসিং স্টেডিয়ামে টসে জিতে ভারতকে ব্যাট করার আমন্ত্রণ জানায় সফরকারীরা। কিন্তু শুরুটা ভাল হয়নি স্বাগতিকদের। দ্বিতীয় ওভারেই রান আউট হন উদ্বোধনী ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার (৪)। দলের রান তখন ১০। এরপর শেবাগের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৯ রানের জুটি গড়েন কার্তিক। দলীয় ৮৯ রানে ল্যাঙ্গেভেল্টের সরাসরি থ্রোতে সাজঘরে ফেরেন বীরেন্দ্র শেবাগ (৪৬)। কার্তিকের সঙ্গে এসে যোগ দেন অধিনায়ক ধোনি। দলীয় ১১৬ রানে ল্যাঙ্গেভেল্টের বলে পিটারসনের হাতে ক্যাচ তুলে ফিরে যান কার্তিক (৪৪)। তবে রায়নার ৫৮, কোহলির ৩১ ও অধিনায়ক ধোনির ২৬ রানের সুবাদে নির্ধারিত ওভারে ২৯৮ রান করে ভারত। ক্যালিস ২৯ রানে তিন উইকেট পান। এছাড়া একটি করে উইকেট নেন পার্নেল, ল্যাঙ্গেভেল্ট ও মর্কেল। ম্যাচসেরা হন রবীন্দ্র জাদেজা। ভারত ৫ ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি ১১৫৫ ঘ.