হ্যামিল্টন, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টি-টোয়েন্টি ও একদিনের খেলার পর নিউজিল্যান্ড সফরে একমাত্র টেস্টেও হেরেছে বাংলাদেশ।
টেস্টে জিততে বাংলাদেশের লক্ষ্য ছিলো ৪০৪ রান। হ্যামিল্টনে শুক্রবার টেস্টের শেষ দিনে অধিনায়ক সাকিব আল হাসানের সেঞ্চুরির পরও ২৮২ রানে গুটিয়ে যায় সফরকারীরা।
নিজের শতরান পূর্ণ করেই সাউদির বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন সাকিব, এর সঙ্গেই শেষ হয়ে যায় বাংলাদেশের সব স্বপ্ন। ১২৯ বলে সাকিবের করা ১০০ রানের মধ্যে ১৫টি চার ও তিনটি ছক্কার মার রয়েছে।
বৃহস্পতিবার ৭৮ রানে ৫ উইকেট যাওয়ার পর মাঠে নেমেছিলেন অধিনায়ক সাকিব ও সহঅধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার দলীয় ১৫৭ এবং ব্যক্তিগত ২২ রানে মুশফিক আউট হয়ে যাওয়ার আগে জুটিতে ৭৯ রান ওঠে।
এরপর প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে ২২৫ রান পর্যন্ত টেনে নিয়ে যান সাকিব। কিন্তু ব্যক্তিগত ৪২ রানে প্যাটেলের বলে টাফির তালুবন্দি হয়ে ফেরেন রিয়াদও। এরপর ২৫২ রানের মাথায় সাকিব আউট হলে শাহাদাত হোসেন ও শফিউল ইসলাম পরাজয়ের ব্যবধানটিই কিছুটা কমান।
শাহাদাত অপরাজিত ছিলেন ১৭ রানে; শফিউল করেন ১৩ রান।
বৃহস্পতিবার নিউজিল্যান্ড ৫ উইকেটে ২৫৮ রান তুলে তাদের দ্বিতীয় ইনিংস ঘোষণার পর বাংলাদেশের ইনিংসের গোড়াপত্তন করতে নেমে একদিনের খেলার ঢংয়ে ব্যাট চালাতে থাকেন তামিম ইকবাল। ১৯ বলে পাঁচটি চার ও একটি ছক্কায় ৩০ রান তুলে ড্যানিয়েল ভেট্টরির বলে টাফির তালুবন্দি হন তিনি। দলের রান তখন ৩৫।
তামিম আউট হওয়ার পর জুনায়েদ সিদ্দিকী নেমেও সুবিধা করতে পারেননি। দলের ৫১ রানে মার্টিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন তিনি। তিনি ৮ বলে ৮ রান সংগ্রহ করেন।
এরপর উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েসের সঙ্গী হন আফতাব। দলের ৭২ রানে তিনি (৮) রানআউট হয়ে যাওয়ার পর মাত্র দুই রান করেই আশরাফুল এলবিডাব্লিও হন ভেট্টরির বলে। ৬১ বলে ২৯ রান করা ইমরুলকে বল করেন প্যাটেল।
স্বাগতিক দলের সাউদি তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন ভেট্টরি ও প্যাটেল।
নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ম্যাকিন্টশ ৮৯ এবং টেলর ৫১ রান করেন। ৫৬ রানে অপরাজিত ছিলেন গুপটিল। বাংলাদেশের পক্ষে দুটি উইকেট নেন মাহমুদুল্লাহ। নিউজিল্যান্ডের অপর তিন ব্যাটসম্যান রান আউট হন।
ব্র্যান্ডন ম্যাককুলাম ও গুপটিলের জোড়া শতকে প্রথম ইনিংসে ৫৫৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিকরা। বাংলাদেশের পেসার রুবেল নিয়েছিলেন ৫টি উইকেট।
জবাবে প্রথম ইনিংসে মাহমুদুল্লাহর শতক এবং তামিম ও সাকিবের অর্ধ শতকে বাংলাদেশ করে ৪০৮ রান।
প্রথম ইনিংসে শতক ও দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করায় ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন গুপটিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/১০০০ ঘ.
bdnews24