নাগপুর, ফেব্রুয়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নাগপুর টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ১২৫ থেকে ৩ পয়েন্ট খুইয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়ে ভারত, এক পয়েন্টে। আর ম্যাচ জিতে ৩ পয়েন্ট বেড়ে দক্ষিণ আফ্রিকা উঠে যায় শীর্ষে, ১২৩ পয়েন্ট নিয়ে। কিন্তু কলকাতা টেস্টে ঘুরে দাঁড়ানোয় শীর্ষ স্থান দখলের পাল্লা আবার হেলে গেছে ভারতের দিকে।
সিরিজ শুরুর আগে র্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারতের পয়েন্ট ছিল ১২৫। ঠিক পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে ভারতের ঘাড়ে নিঃশ্বাস ফেলছিল গ্রায়েম স্মিথের দক্ষিণ আফ্রিকা।
এই এক নম্বর স্থানের জন্য ভারতকে নয়, সিরিজ জিততেই হবে দক্ষিণ আফ্রিকাকে। সিরিজ অমীমাংসিত থাকলে এক নম্বরেই থেকে যাবে ভারত। পাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ১,৭৫০০০ ডলারের আর্থিক পুরস্কারও। হারলে শীর্ষ স্থানও হারাবে, টাকাও পাবে কম।
গত বছরের শেষ লগ্ন পর্যন্ত দক্ষিণ আফ্রিকাই ছিল এক নম্বরে। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ম্যাচে টেস্ট সিরিজ জিতে ৬ ডিসেম্বর স্মিথের দলকে টপকে যায় মহেন্দ্র সিং ধোনির দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১-০ ম্যাচে টেস্ট জিততে পারলে ভারতের পয়েন্ট বেড়ে দাঁড়াতো ১২৭-এ। আর দক্ষিণ আফ্রিকার পয়েন্ট কমে যেতো ১১৮ তে। ২-০ ম্যাচে হারলে স্মিথের দলের পয়েন্ট কমতো আরো দুই। সেক্ষেত্রে আইসিসির কাছ থেকে তারা পেতো ৭৫,০০০ ডলার।
এক নম্বর জায়গাটি দখল করার জন্যই ভারত সফরে আসে দক্ষিণ আফ্রিকা। সে কথা বুঝিয়ে দিতেও কসুর করেননি দলের কেউই। গত গ্রীষ্মে ১৬ বছরের মধ্যে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতে শীর্ষ স্থান দখল করে স্মিথের দল। জায়গাটি ফিরে পাওয়ার জন্য কমপক্ষে ১-০ ম্যাচে জিততে হবে দক্ষিণ আফ্রিকাকে।
নাগপুরে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা জয়ও পায়। পয়েন্টও বেড়ে দাঁড়ায় ১২৩-এ। হেরে গিয়ে তিন পয়েন্ট খুইয়ে ভারত ১২২ এ নেমে যায়।
দু'টি টেস্টই জিততে পারলে দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে ১২৫। আর ১২০ পয়েন্টে নেমে যাবে ভারত। কিন্তু কলকাতা টেস্ট আর সে কথা বলছে না, বরং আভাস মিলছে সিরিজ অমীমাংসিত থাকার।
র্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে আছে অস্ট্রেলিয়া। যদিও কিছুদিনের মধ্যে তারা নিউজিল্যান্ড সফরে যাচ্ছে। কিন্তু ১ এপ্রিলের মধ্যে এক নম্বরে ওঠার কোনো সম্ভাবনাই নেই অসিদের।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮৪৮ ঘ.
bdnews24