২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মণ ও ধোনির শতক, জয়ের সুবাস পাচ্ছে ভারত

দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনটি যদি হয় বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের, তৃতীয়দিনটি তাহলে ভিভিএস লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনির। মঙ্গলবার এই দু'জনের অপরাজিত শতকে জয়ের স্বাদ পাচ্ছে ভারত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2010, 11:30 AM

Updated : 24 Aug 2022, 06:51 PM

কলকাতা, ফেব্র"য়ারি ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিনটি যদি হয় বীরেন্দর শেবাগ ও শচীন টেন্ডুলকারের, তৃতীয়দিনটি তাহলে ভিভিএস লক্ষ্মণ ও মহেন্দ্র সিং ধোনির। মঙ্গলবার এই দু'জনের অপরাজিত শতকে জয়ের স্বাদ পাচ্ছে ভারত। ইনিংস ঘোষণা করেছে ৬ উইকেটে ৬৪৩ রান তুলে। দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে আছে ৩৪১ রানে। তাই হারের কোনো আশঙ্কা নেই ভারতের। বরং হার এড়াতে লড়ছে দক্ষিণ আফ্রিকা। আলোর অভাবে খেলা বন্ধ হওয়ার আগে দ্বিতীয় ইনিংসে ৬ রান তুলেছেন দুই প্রটিয়াস উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও অ্যালভেরো পিটারসেন। প্রথম ইনিংসে ২৯৬ রান করায় মোট সংগ্রহ দাঁড়িয়েছে ৩০২। তাই দূরুত্ব অনেক, পাড়ি দিতে হবে বিস্তর পথ। স্মিথ ৫ রানে অপরাজিত রয়েছেন। এই ম্যাচে অভিষেক হওয়া পিটারসেন ব্যাট করছেন ১ রান নিয়ে। ইডেন গার্ডেনে ৫ উইকেটে ৩৪২ রান নিয়ে দিনের খেলা শুরু করেন আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ ৯ ও নাইট-ওয়াচম্যান অমিত মিশ্র ১ রান নিয়ে। অমিত তার ১ রানের ইনিংসটি টেনে নিয়ে যান ২৮ রানে। এরপর নাইট-ওয়াচম্যানকে আর উইকেটে থাকতে দেননি মর্নে মরকেল। গুড-লেঙথের সামান্য শর্ট বল উঠেছিল বেশ খানিকটা। স্লিপের মাথার ওপর দিয়ে থার্ড-ম্যান অঞ্চলে খেলার চেষ্টা করেন অমিত। পারলেন না, বেশ খানিকটা লাফিয়ে বলটি লুফে নেন জ্যাক ক্যালিস। ক্যাচটি কথা অনেকদিন মনে থাকবে ইডেনের দর্শকদের। সারাদিনে দক্ষিণ আফ্রিকার এই একটিই সাফল্য। এরপর কেবল লক্ষ্মণ ও ধোনির গল্প। ব্যাট করলেন তারা। আর বলের পেছনে ছুটলেন দক্ষিণ আফ্রিকার ফিল্ডাররা। কথনো কখনো বল কুড়িয়ে আনলেন সীমানার ওপার থেকে। আক্ষরিক অর্থেই আরেকটি নিষ্ফলা দিন কাটলো প্রটিয়াসদের। ৬ উইকেটে ইনিংস ঘোষণার আগে তারা দু'জনে দলের সঙ্গে যোগ করেন ২৫৯ রান। আউটও হননি কেউই। অথচ শতক আদায় করে নিয়েছেন দু'জনেই। ১৪৩ অপরাজিত ছিলেন লক্ষ্মণ। আর ১৩২ রানের হার না মানা ইনিংস খেলেন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। লক্ষ্মণ ২৬০ বল খেলে চার মেরেছেন ১৬টি। তিনি তার টেস্ট জীবনের পঞ্চদশ শতকে পৌঁছান ২০৩ বলে, ১২ টি চারের সাহায্যে। ধোনি তার ১৮৭ বলের ইনিংসটি সাজিয়েছেন ১২টি চার ও তিনটি ছক্কা দিয়ে। তিনি তার টেস্ট জীবনের চতুর্থ শতকে পৌঁছান ১৫৮ বলে, দশটি চার ও একটি ছক্কা মেরে। দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ছয় বোলার ব্যবহার করেছেন। মঙ্গলবার সফলতার মুখ দেখেছেন কেবল মরকেল। সাফল্য ধরা দেয়নি ডেল স্টেইন, ওয়েন পার্নেল, জ্যাক ক্যালিস, পল হ্যারিস ও পল ডুমিনির কাছে। কেবল বল করেছেন। আর রান দিয়েছেন। প্রথম টেস্ট জিতে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-এর টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষেই উঠে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু সে আশাও এখন ভেস্তে যেতে বসেছে। প্রথম ম্যাচ জিতে ১২৩ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা ১ পয়েন্ট পেছনে ফেলে দিয়েছিল ভারতকে। হেরে যাওয়ায় ভারতের পয়েন্ট কমে এসেছিল ১২২-এ। শীর্ষ স্থান ফিরে পাওয়ার জন্য এই ম্যাচ জিততেই হবে ভারতকে। অবশ্য এরই মধ্যে জয়ের সুবাস পাওয়া শুরু করেছে। অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যদি অলৌকিক কোন কিছু না ঘটে, তাহলে একথা বলাই চলে ভারতের জয় অনেকটাই নিশ্চিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৭২২ ঘ.