ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে শুক্রবার সূর্যতরুণ ২ উইকেটে হারিয়েছে ওরিয়েন্ট স্পোর্টিং ক্লাবকে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) ২৮ রানে জিতেছে প্রাইম দোলেশ্বরের বিপক্ষে। কলাবাগান ৯ রানে হার মেনেছে ভিক্টোরিয়ার কাছে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৬ রান করে বিকেএসপি। অধিনায়ক রাতুল অপরাজিত ৮৫, আশিকুল ৭১ ও সৌম্য সরকার ৩৫ রান করেন।
দোলেশ্বরের নাজমুল হোসেন অপু ৩ উইকেট নেন ৫৩ রানে।
রান তাড়া করতে নেমে ২৪৮ রানে গুটিয়ে যায় দোলেশ্বর। খেলেছে ৪৮ ওভার ২ বল।
উত্তম সরকার ৬১, জাহিদ ৫০ ও নাজমুল অপরাজিত ২৫ রান করেন।
জাকারিয়া ও রাতুল ৩টি করে উইকেট নেন। এজন্য জাকারিয়া দেন ৩৬ রান। আর রাতুল ৫৪।
রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে টস জিতে ওরিয়ন্টকে ব্যাট করতে পাঠায় সূর্যতরুণ। আসিফ হোসেনের শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৫২ রান করে ওরিয়েন্ট। আসিফ ১২৯ বলে ১৩৪ রান করেন। এছাড়া রবিউল ইসলাম করেন ৫৯।
রান তাড়া করতে নেমে ৮ উইকেটে জয়ের লক্ষ্য ২৫৩ রানে পৌঁছে যায় সূর্যতরুণ। তখনও হাতে ছিল ৭ বল।
দলের পক্ষে ইমতিয়াজ হোসেন সবচেয়ে বেশি ৫৬ রান করেন। তানভির সিং করেন ৩৯।
আরেক খেলায় বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ২১৭ রান করে ভিক্টোরিয়া।
জবাবে ৪৯ ওভার ১ বলে ২০৮ রানে গুটিয়ে যায় কলাবাগান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনএল/টিআর/২২০৯ ঘ.
bdnews24