২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোলারদের একহাত নিলেন ধোনি

প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর বোলারদের তীব্র সমালোচনা করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সবাইকে আউট করতে না পারা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কেননা টেস্টে জিততে হলে ২০টি উইকেট নিতেই হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 02:51 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার কাছে হারার পর বোলারদের তীব্র সমালোচনা করলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। বললেন, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের সবাইকে আউট করতে না পারা নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কেননা টেস্টে জিততে হলে ২০টি উইকেট নিতেই হবে। দক্ষিণ আফ্রিকার সবাইকে আউট করতে না পারাই শুধু ভারতীয় বোলারদের ব্যর্থতা ছিল না, তৃতীয়দিন এক সেশনেই ২২৫ রান দিয়েছেন তারা। এর ফলে তাড়াতাড়ি দান ছেড়ে দেয়ার সুযোগ পেয়েছে দক্ষিণ আফ্রিকা। এ প্রসঙ্গে ধোনি বলেন, "টেস্ট খেলায় বোলারদের উইকেট নিতে হবে কিংবা ব্যাটসম্যানদের বেঁধে রাখতে হবে, যাতে তারা ওভার প্রতি পাঁচ রান তুলতে না পারে।" ভারতের উইকেটে বল বেশ বাঁক নেয়, ব্যাটেও আসে না বলে জানিয়ে তিনি বলেন, "তাই ভারতে ব্যাটসম্যানদের বেঁধে রাখা সম্ভব। কিন্তু দক্ষিণ আফ্রিকার উইকেট অন্য রকম। বল ব্যাটে আসে। ব্যাটসম্যান একবার উইকেটের সঙ্গে মানিয়ে নিতে পারলে সহজেই তারা রান তুলতে পারেন। তাই উইকেট নেয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই।" "আমাদের বোলাররা ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারেন না। তাই তাদের লাইন ও লেন্থ বজায় রেখে বল করতে হবে,"বললেন ভারত অধিনায়ক। বোলারদের বেশি সময় নিয়ে বল করার বিষয়টিও চিন্তায় ফেলেছে ধোনিকে। প্রথম টেস্টে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বল করতে না পারায় এক ম্যাচের জন্য নিষিদ্ধ হতে পারেন তিনি। তাই রীতিমতো ক্ষুব্ধ ধোনি। বলেন, "এটি খুবই উদ্বেগের বিষয়। নির্ধারিত সময়ের মধ্যে আমাদের বোলিং শেষ করতে হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/২০৩০ ঘ.