ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সেঞ্চুরিয়ন টেস্টের পঞ্চম ও শেষদিন ভারতের কাছে আরো লড়াই আশা করেছিলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথ। বিশেষ করে, শচীন টেন্ডুলকার যখন উইকেটে ছিলেন। তারপরও ৫ রানের মধ্যে দুই উইকেট তুলে নিয়ে যার পর নাই বিস্মিত তিনি।
স্মিথ মনে করেছিলেন, টেন্ডুলকার উইকেটে থাকায় জয় পেতে কিছুটা হলেও ঘাম ঝরাতে হবে। খেলা শেষে টেন্ডুলকার সম্পর্কে তিনি বলেন, "চাপের মুখে রান করা দলের জন্য নিঃসন্দেহে খুবই ভালো। তারপরও সততার সঙ্গেই বলছি, আমাদের জয়ের পথে তিনি যে বড় কোনো বাধা হয়ে দাঁড়াননি, তা দেখে সত্যি আমি হতবাক হয়ে গেছি।"
পঞ্চমদিন সোমবার সকালে ইনিংস ব্যবধানে হার এড়ানোর জন্য ভারতের দরকার ছিল ৩০ রান। এ অবস্থায় দুই ব্যাটসম্যান শ্রীশান্ত ও জয়দেব উনাদকাতকে (মূলত বোলার) ডেল স্টেইন ও মর্নে মরকেলের বোলিংয়ের মুখে ঠেলে দেয়া টেন্ডুলকারের মোটেও ঠিক হয়নি। তাদের আড়াল করে রেখে ব্যাট করে যাওয়া উচিত ছিল তার। তিনি তা না করে মরকেলের মুখে ঠেলে দেন শ্রীশান্তকে। যদিও মাত্র তিন বল সামাল দিতে হতো তাকে। কিন্তু পারেননি। সাজঘরে ফিরতে হয় শ্রীশান্তকে।
আর উনাদকাতকে পড়তে হয় স্টেইনের পেসের মুখে। পুরো এক ওভার সামাল দিতে হয় তাকে। বরং ওভারের শেষ কিংবা এর আগের বলে এক রান নিয়ে দু'জনকে আড়াল করে রেখে খেলে যেতে পারতেন টেন্ডুলকার। কিন্তু তিনি তা করেননি।
টেন্ডুলকারের পঞ্চাশতম শতকের জন্য স্মিথ তার প্রশংসা করেছেন বটে। কিন্তু এজন্য ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনিরও প্রশংসা করেন তিনি। এ প্রসঙ্গে স্মিথ বলেন, "ধোনি উইকেটে টিকে না থাকলে টেন্ডুলকার হয়তো শতক হাঁকাতে পারতেন না।"
টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এক ইনিংস ও ২৫ রানে হার মানে ভারত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৮০০ ঘ.
bdnews24