২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিয়ন্ত্রণ অস্ট্রেলিয়ার হাতেই

অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এখনো ৩১০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে আছে পাঁচটি উইকেট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 02:06 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের নিয়ন্ত্রণ তুলে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। এখনো ৩১০ রানে পিছিয়ে আছে ইংল্যান্ড। হাতে আছে পাঁচটি উইকেট। পার্থে দ্বিতীয় পালায় মাইকেল হাসির শতকের সুবাদে অস্ট্রেলিয়া রান তোলে ৩০৯। প্রথম পালায় তারা সংগ্রহ করেছিল ২৬৮ রান। ইংল্যান্ড তৃতীয় দিন শেষে দ্বিতীয় পালায় পাঁচ উইকেট হারিয়ে করে ৮১ রান। প্রথম পালায় ১৮৭ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। অস্ট্রেলিয়া তৃতীয় দিনের খেলা শুরু করে ৩ উইকেটের বিনিময়ে ১১৯ রান নিয়ে। চতুর্থ উইকেট জুটিতে হাসি ও ওয়াটসন ১১৩ রান যোগ করে দলকে শক্ত অবস্থানে পৌঁছে দেন। আগের দিনের অপরাজিত উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন তার ৬১ রানের ইনিংসর সঙ্গে যোগ করেন আরো ৩৪ রান। আদায় করেন ক্যারিয়ারের ১৪তম অর্ধ-শতক। ক্রিস ট্রেমলেটের বলে এলবিডব্লিউ'য়ের শিকার হওয়ার আগে ৯৫ রান করেন তিনি। তার ১৭৪ বলের ইনিংসে চারের মার ছিল ১১টি। ওয়াটসনকে সঙ্গ দেয়া মাইকেল হাসি আগের দিনের ২৪ রানের ইনিংসটির সঙ্গে ৯২ রান যোগ করে আদায় করেন টেস্টের ১৩তম শতক। হাসি ১১৬ রান সংগ্রহ করে ক্রিস ট্রেমলেটের একটি বল উঠিয়ে মারলে তা চলে যায় গ্রায়েম সোয়ানের হাতে। সাজঘরে ফেরার আগে ১৭২ বল খেলে দড়ির ওফারে বল পাঠান তিনি ১৫ বার। স্টিভেন স্মিথ ট্রেমলেটের বলে হাসির পথ ধরার আগে ৬২ বল খরচায় তোলেন ৩৬ রান। এরপর কোনো ব্যাটসম্যানই ইংলিশ বোলারদের সামনে দাঁড়াতে পারেননি। পৌঁছতে পারেননি দুই অঙ্কের ঘরে। ক্রিস ট্রেমলেট ৮৭ রান দিয়ে শিকার করেন ৫ উইকেট। ৯৭ রানে তিনটি উইকেট নেন স্টিভেন ফিন। তৃতীয় দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের শুরুটা মোটেই ভালো হয়নি। ৮১ রান তুলতেই তারা হারায় পাঁচটি উইকেট। দলীয় ২৩ রানের মাথায় অ্যালিস্টার কুক ১৩ করে রায়ান হ্যারিসের বলে এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরলে হোঁচট খায় ইংল্যান্ড। অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ১৫ রান তোলে মিচেল জনসনের বলে পন্টিংয়ের হাতে ক্যাচ দিলে বিপদে পড়ে ইংলিশরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন জোনাথন ট্রট। জনসনের বলে হাডিনের কাছে উইকেট সপে দেন তিনি। পল কলিংউড করেন ১৩ রান। আর কেভিন পিটারসেন সংগ্রহ মাত্র ৩। উইকেটে রয়েছেন জেমস অ্যান্ডারসন। তিনি এখনো রানের খাতা খোলেননি। দিনের খেলা হয়ে যাওয়ায় নতুন কোনো ব্যাটসম্যান মাঠে নামেননি। রায়ান হ্যারিস ২২ এবং মিচেল জনসন ২৮ রান দিয়ে নিয়েছেন দু'টি করে উইকেট। বেন হিলফেনহস ১৬ রানের বিনিময়ে নেন একটি মাত্র উইকেট। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড। প্রথম ম্যাচটি ছিল অমীমাংসিত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৯৪৮ ঘ.