২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জনসনের দুর্দান্ত বোলিংয়ে লাগাম অস্ট্রেলিয়ার হাতে

জমে উঠেছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের খেলা। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে জনসনের দুর্দান্ত বোলিংয়ের মুখে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৭ রানে। অজিরা প্রথম পালায় রান তুলেছিল ২৬৮।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 11:49 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জমে উঠেছে অ্যাশেজ সিরিজের তৃতীয় টেস্টের খেলা। দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে জনসনের দুর্দান্ত বোলিংয়ের মুখে ইংল্যান্ড গুটিয়ে যায় ১৮৭ রানে। অজিরা প্রথম পালায় রান তুলেছিল ২৬৮। দিনের শেষ ভাগে দ্বিতীয় পালায় ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। দিন শেষে তারা রান তুলেছে ৩ উইকেটে ১১৯। পার্থে আগের দিনের ২৯ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দুই উদ্বোধনী ব্যাটসম্যান অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস ও অ্যালিস্টার কুক। কুক তার ১৭ রানের ইনিংসকে বেশি দূর এগিয়ে নিতে পারেননি। ব্যক্তিগত স্কোরে আর ১৫ যোগ হতেই জনসনের প্রথম শিকারে পরিণত হন তিনি। তার উইকেটটি লুফে নেন হাসি। পরে জনসনের দুর্দান্ত বোলিংয়ের মুখে উইকেটে টিকতেই পারেননি ইংলিশ ব্যাটসম্যানরা। শুরু হয় সাজঘরে আসা যাওয়ার পালা। জোনাথন ট্রট ৪, কেভিন পিটারসেন ০ ও পল কলিংউড ৫ রানের মাথায় সাজঘরে ফিরে যান। ৯৮ রান তুলতেই চলে যায় ৫টি উইকেট। হ্যারিসের একটি বল তুলে মারতে যেয়ে কুকের পথ ধরেন স্ট্রাউস। উইকেটের পিছনে ধরা পড়ার আগে আদায় করে নেন ক্যারিয়ারের ২২তম অর্ধ-শতক। তিনি ১০২ বল খেলে ৮টি চারের সাহায্যে করেন ৫২ রান। ইয়ান বেল ২৬তম অর্ধ-শতক পূর্ণ করে হ্যারিসের একটি বল উড়িয়ে মারলে তা চলে যায় পন্টিংয়ের হাতে। তিনি দলের পক্ষে সংগ্রহ করেন সর্বোচ্চ ৫৩ রান। ৯০ বলের ইনিংসে তিনি দড়ির ওপারে বল পাঠান ৬ বার। ম্যাট প্রিয়র ১২ ও গ্রায়েম সোয়ান ১১ রান করেন। অন্য কোনো ব্যাটসম্যানই দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। মিচেল জনসন ৩৮ রান দিয়ে শিকার করেন ৬টি উইকেট। এছাড়া রায়ান হ্যারিস ৫৯ রানের বিনিময়ে নেন ৩টি উইকেট। দ্বিতীয় পালায় দলীয় ৩১ রানের মাথায় ফিলিপ হিউজেস সাজঘরে ফিরলে হোঁচট খায় স্বাগতিক অস্ট্রেলিয়া। ৬৪ রান তুলতেই তিন উইকেট হারিয়ে বিপদেই পড়ে অজিরা। চতুর্থ উইকেট জুটিতে ওয়াটসন ও হাসি হার না মানা ৫৫ রানের ইনিংস খেলে দলকে বিপদ থেকে তুলে এগিয়ে নিয়ে যান। উইকেটে রয়েছেন শেন ওয়াটসন ৬১ রান নিয়ে এবং তাকে সঙ্গ দিচ্ছেন মাইকেল হাসি, তার সংগ্রহ ২৪। স্টিফেন ফিন ৪৮ রান দিয়ে দু'টি এবং ক্রিস ট্রেমলেট ২০ রানে নেন একটি মাত্র উইকেট। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/১৭৪০ ঘ.