২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনটিও দ.আফ্রিকার

ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের অপরাজিত শতকের সুবাদে প্রথম পালায় ২ উইকেটে ৩৬৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 11:43 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষে হাশিম আমলা ও জ্যাক ক্যালিসের অপরাজিত শতকের সুবাদে প্রথম পালায় ২ উইকেটে ৩৬৬ রান করেছে দক্ষিণ আফ্রিকা। আমলা ১১৬ রানে অপরাজিত রয়েছেন। অন্য প্রান্তে ১০২ রানে অপরাজিত আছেন ক্যালিস। এর আগে দক্ষিণ আফ্রিকার বোলারদের মারাত্মক বোলিংয়ে মাত্র ১৩৬ রানে গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে প্রথম দিনের ৯ উইকেটে ১৩৬ রান নিয়ে শুক্রবার ব্যাট করতে নামে ভারত। তবে দলের খাতায় কোনো রান যোগ হওয়ার আগেই নিজেদের শেষ উইকেটটি হারায় তারা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান মহেন্দ্র সিং ধোনি এদিন মাত্র ৩ বল মোকাবেলা করে এলবিডব্লিউ হয়ে যান। বোলার মরনে মরকেল। ধোনি ৩৩ রান করেন। মরকেল ১২ ওভার ৪ বল করে ২০ রান দিয়ে ৫ উইকেট পান। আর স্টেইন ১০ ওভার বল করে ৩৪ রানের বিনিময়ে ৩ উইকেট নেন। জবাবে নিজেদের প্রথম পালার শুরুটা ভালো করেন দক্ষিণ আফ্রিকার দুই উদ্বোধনী ব্যাটসম্যান গ্রায়েম স্মিথ ও অ্যালভিরো পিটারসেন। দুজনে মিলে ১১১ রানের জুটি গড়ে তোলেন। দক্ষিণ আফ্রিকার ফার্স্ট বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি ভারতের ব্যাটসম্যানরা। তবে ভারতে ফার্স্ট বোলাররা তেমন সুবিধা করতে পারছেন না। ভারতকে প্রথম উইকেট এনে দেন স্পিনার হরভজন সিং। ৬২ রান করা স্মিথকে তিনি ধোনির ক্যাচে পরিণত করেন। দলীয় ১৬৬ রানে অপর উদ্বোধনী ব্যাটসম্যান পিটারসেনকেও সাজঘরে ফেরান হরভজন। যদিও তার আগেই নিজের তৃতীয় টেস্ট অর্ধশতক তুলে নেন পিটারসেন। তিনি ১১৪ বল খেলে ৭৭ রান করেন। বৃষ্টির কারণে প্রথম দিনের খেলা প্রায় সাড়ে চার ঘন্টা পর শুরু হয়। প্রথম দিনে ৩৮ ওভার ১ বল খেলা হয়েছে। তিনটি টেস্ট ম্যাচ ছাড়াও এই সফরে ভারত আরো একটি টোয়েন্টি-টোয়েন্টি ও পাঁচটি একদিনের ম্যাচ খেলবে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাদের মাটিতে এখন পর্যন্ত কোনো টেস্ট সিরিজ জিততে পারেনি টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দল ভারত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/২২০৭ ঘ.