ঢাকা, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অ্যাশেজ সিরিজের দ্বিতীয় টেস্টের লাগাম হাতে তুলে নিয়েছে ইংল্যান্ড। বৃষ্টি বিঘ্নিত তৃতীয়দিন রোববার প্রথম পালায় ৪ উইকেটে রান করেছে ৫৫১। ফলে তারা এগিয়ে আছে ৩০৬ রানে। হাতে আছে ৬ উইকেট।
অ্যাডিলেড ওভালে টস জিতে ব্যাট করতে নেমে মাইকেল হাসি (৯৩), ব্রাড হ্যাডিন (৫৬) ও শেন ওয়াটসনের (৫১) অর্ধ-শতকের সুবাদে অস্ট্রেলিয়া প্রথম পালায় করে ২৪৫।
উইকেটে আছেন কেভিন পিটারসেন ২১৩ রান নিয়ে। অন্য প্রান্তে ইয়ান বেল অপরাজিত রয়েছেন ৪১ রানে।
আগেরদিনের ২ উইকেটে ৩১৭ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড। অপরাজিত ব্যাটসম্যান অ্যালিস্টার কুক তার ১৩৬ রানের ইনিংসটিকে আর বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলীয় ৩৫১ রানের মাথায় রায়ান হ্যারিসের বলে উইকেটের পেছনে ব্রাড হ্যাডিনের হাতে ধরা পড়ার আগে তিনি তার ব্যক্তিগত রানের সঙ্গে যোগ করেন মাত্র ১২। কুক তার ১৪৮ রানের ইনিংসটি সাজান ১৮টি চার দিয়ে।
তবে খেলে যেতে থাকেন অন্য অপরাজিত ব্যাটসম্যান পিটারসেন। চা-বিরতির সময় পর্যন্ত তিনি তার ৮৫ রানের ইনিংসটিকে টেনে নিয়ে যান ২১৩ তে। সে সময় বৃষ্টি নামায় বিরতির পর আর খেলা হয়নি। তার ২৯৬ বলের ইনিংসে চার রয়েছে ৩১টি ও ছক্কা ১টি।
পিটারসেন তার টেস্ট-জীবনের দ্বিতীয় দ্বি-শতকে পৌঁছান ১৮৩ বলে ২৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে। টেস্ট ক্রিকেটে তার সর্বোচ্চ রান ২২৬।
এর আগে সকালে পানি পানের বিরতির আগেই পিটারসেন তার টেস্ট-জীবনের ১৭তম শতকে পৌঁছে যান ১৫৮ বলে ১৫টি চারের সাহায্যে। প্রায় ১৮ মাস পর শতকের মুখ দেখলেন তিনি।
কুক সাজঘরে ফিরে যাওয়ার পর পিটারসেনের সঙ্গে জুটি বাঁধেন পল কলিংউড। তারা দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন ১০১। দলীয় ৪৫২ রানের মাথায় শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে বিদায় নেন কলিংউড। ৭০ বল খেলে ৪২ রান করেন তিনি। চার মেরেছেন ৫টি।
রায়ান হ্যারিস দুই উইকেট নেন ৮৪ রানে। একটি করে উইকেট নেন জাভিয়ের ডোহারটি ও ডোগ বোলিঞ্জার। এজন্য দুজনই খরচ করেন ১২০ রান।
ইংল্যান্ড এখনো দান ছেড়ে না দিলেও অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস চতুর্থদিন যত তাড়াতাড়ি সম্ভব তার বোলারদের হাতে যে বল তুলে দেবেন তা নিঃসন্দেহে বলা যায়। কেননা বৃষ্টির আশঙ্কাই তাকে এই সিদ্ধান্ত নিতে প্রভাবিত করবে। আবহাওয়ার পূর্বাভাষে বলা হচ্ছে সোম ও মঙ্গলবার বৃষ্টি হতে পারে অ্যাডিলেডে।
অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং অবশ্য কায়মনে প্রার্থনা করছেন বৃষ্টির। নইলে খেলায় হার এড়ানো তার দলের জন্য কঠিন হয়ে পড়বে।
পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অমীমাংসিতভাবে শেষ হয়। তৃতীয়টি শুরু হবে ১৬ ডিসেম্বর পার্থে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৭৪০ ঘ.
bdnews24