ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টেস্ট অমীমাংসিতভাবে শেষ হয়েছে।
জয়ের লক্ষ্য ৩৫৪ রান তাড়া করতে নেমে পাকিস্তান ৩ উইকেটে ১৫৩ রান তোলার পর পঞ্চম ও শেষদিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ অমীমাংসিতভাবে শেষ হলো।
দক্ষিণ আফ্রিকা প্রথম পালায় ৯ উইকেটে ৫৮৪ রান করে দান ছেড়ে দেয়। জবাবে ৪৩৪ রান তোলে পাকিস্তান। দ্বিতীয় পালায় ৫ উইকেটে ২০৩ রান করে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ফলে পাকিস্তানের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৩৫৪।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে দ্বিতীয় পালায় ৪ উইকেটে ১৭৩ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। দলের সঙ্গে ৩০ রান যোগ হওয়ার পর ৩৫৩ রানে এগিয়ে থেকে দান ছেড়ে দেয় তারা। তখন অ্যাশওয়েল প্রিন্স ৪৭ ও জোহান বোথা ৭ রানে অপরাজিত ছিলেন।
জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে ধীর গতিতে রান তুলতে থাকে পাকিস্তান। ৬৬ রানের মাথায় বিদায় নেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান তৌফিক উমর (৩০) ও মোহাম্মদ হাফিজ (৩৪)।
এরপর দলকে এগিয়ে নিয়ে যেতে থাকেন আজাহার আলী ও অধিনায়ক মিসবাহ উল হক। তবে ফলাফলের সম্ভাবনা না থাকায় দিনের খেলার ১৫ ওভার বাকি থাকতে দুই অধিনায়কের সম্মতিতে আম্পায়াররা খেলা অমীমাংসিত ঘোষণা করেন। তখন আজাহার ২৮ ও মিসবাহ ৫৮ রানে অপরাজিত ছিলেন।
ুুুুুুুুুুুম্যাচ সেরা হন এবি ডি ভিলিয়ার্স ।
জ্যাক ক্যালিস হন সিরিজ সেরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮২৬ ঘ.
bdnews24