২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাঙ্গাকারার শতকে ভালো অবস্থায় শ্রীলঙ্কা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন বিপদে পড়লেও দ্বিতীয়দিন শ্রীলঙ্কাকে পথে ফিরিয়ে এনেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার শতকের ওপর ভর করে ৫ উইকেটে রান করেছে ২৯৪।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2010, 11:01 AM

Updated : 26 Apr 2022, 01:38 AM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টের প্রথমদিন বিপদে পড়লেও দ্বিতীয়দিন শ্রীলঙ্কাকে পথে ফিরিয়ে এনেছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা। তার শতকের ওপর ভর করে ৫ উইকেটে রান করেছে ২৯৪। উইকেটে আছেন সাঙ্গাকারা ১৩৫ রান নিয়ে। অন্য প্রান্তে ১২ রানে অপরাজিত রয়েছেন প্রসন্ন জয়াবর্ধনে। মধ্যাহ্ন-বিরতি শেষে পানি-পানের বিরতির পরপর বৃষ্টি নামায় খেলা বন্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলেও মাঠ ভেজা থাকায় খেলা আর শুরু করা সম্ভব হয়নি। কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে ৩ উইকেটে ৮৪ রান নিয়ে বুধবারের খেলা শুরু করে শ্রীলঙ্কা। আগেরদিনের অপরাজিত ব্যাটসম্যান সাঙ্গাকারা ও থিলান সামরাবিরা বিপদ কাটিয়ে শ্রীলঙ্কার ইনিংসকে পথে ফিরিয়ে আনেন। দু'জনে মিলে দলের সঙ্গে যোগ করেন আরো ১২০ রান। দলীয় ২০৪ রানের মাথায় ডি ব্রাভোর বলে শেন শিলিংফোর্ডের হাতে ধরা পড়ার আগে সামারাবিরা করেন ৮০। তার ১৭০ বলের ইনিংসে চার রয়েছে আটটি ও ছক্কা একটি। তিনি দিনের খেলা শুরু করেছিলেন ২৬ রান নিয়ে। তবে ব্যাট করে যেতে থাকেন সাঙ্গাকারা। আদায় করে নেন তার টেস্ট-জীবনের ২৪তম শতক। আগেরদিনের ২৫ রানের ইনিংসটিকে তিনি টেনে নিয়ে যান ১৩৫-এ। এরপরই বন্ধ হয়ে যায় খেলা। সাঙ্গাকারা তার ২৫২ বলের ইনিংসটি সাজান ১৬টি চার ও একটি ছক্কা দিয়ে। এর আগে ২৭৩ রানের মাথায় অ্যাঞ্জেলো ম্যাথিউস ২৫ রান করে কেমার রোচের বলে উইকেটের পেছনে ধরা পড়েন। রোচ ৩ উইকেট নেন ৬৬ রানে। এছাড়া একটি করে উইকেট নেন অধিনায়ক ডারেন সামি ও ব্রাভো। এজন্য সামির খরচ হয় ৪৭ রান। ব্রাভো দেন ৬১। তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি অমীমাংসিতভাবে শেষ হয়। তৃতীয় টেস্ট শুরু হবে ১ ডিসেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬৫৪ ঘ.