ঢাকা, নভেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে ভালো অবস্থায় আছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় পালায় দুই উইকেটে রান তুলেছে ১৩৯। ফলে ২৭১ রানে এগিয়ে আছে তারা। হাতে আছে আরো আট উইকেট।
দক্ষিণ আফ্রিকার প্রথম পালার ৩৮০ রানের জবাবে ২৪৮ রানেই গুটিয়ে যায় পাকিস্তানের প্রথম দফা। ফলে দক্ষিণ আফ্রিকা এগিয়ে যায় ১৩২ রানে।
উইকেটে আছেন হাশিম আমলা ৪৪ রান নিয়ে। অন্য প্রান্তে জ্যাক ক্যালিস অপরাজিত রয়েছেন ৩২ রানে।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার দ্বিতীয় পালায় দক্ষিণ আফ্রিকার শুরুটা একেবারে খারাপ হয়নি। অ্যালভিরো পিটারসেন ও অধিনায়ক গ্রায়েম স্মিথ উদ্বোধনী জুটিতে করেন ৪৭ রান।
পিটারসেন আব্দুর রেহমানের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরে যাওয়ার আগে করেন ২৬ রান। তার ৩৯ বলের ইনিংসে চার রয়েছে তিনটি।
দলীয় ৭৬ রানের মাথায় এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন অন্য উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথও। ৭৯ বলে ৩৪ রান করেন তিনি। তবে রেহমান নয়, এবার বোলার ছিলেন সাইদ আজমল।
এরপর আর কোনো অঘটন ঘটেনি। আমলা ও ক্যালিস দলের সঙ্গে যোগ করেন ৬৩ রান।
এর আগে দুই উইকেটে ১৪৪ রান নিয়ে তৃতীয়দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান আজহার আলী ও ইউনুস খান দলকে খুব বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি। দলের সঙ্গে আরো ৩২ রান যোগ হতেই বিদায় নেন ইউনুস খান। ৮৫ বলে ৩৫ রান করেন তিনি। চার মেরেছেন তিনটি।
তবে খেলে যেতে থাকেন আজহার আলী। মর্নে মর্কেলের বলে আমলার হাতে ধরা পড়ার আগে তিনি তার অর্ধ-শতক আদায় করে নেন। ১৭২ বলে পাঁচটি চারের সাহায্যে করেন ৫৬।
এরপর আর কোনো ব্যাটসম্যান খুব একটা সুবিধা করতে পারেননি। উমর আকমল ও উমর গুলই শুধু দুই অঙ্কের ঘরে পৌঁছান। আকমল করেন ১০। আর শেষ পর্যন্ত ১২ রানে অপরাজিত থাকেন গুল।
মর্নে মর্কেল ৫ উইকেট নেন ৫৪ রানে। জোহান বোথা ৬১ রানে নেন ৩ উইকেট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/টিআর/১৬৫৩ ঘ.
bdnews24