২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমদিন দ. আফ্রিকার

গ্রায়েম স্মিথের শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম পালায় ৩ উইকেটে ৩১১ রান করেছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Nov 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 07:36 PM

ঢাকা, নভেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গ্রায়েম স্মিথের শতকের সুবাদে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের প্রথমদিনটি নিজের করে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রথম পালায় ৩ উইকেটে ৩১১ রান করেছে তারা। উইকেটে আছেন জ্যাক ক্যালিস ৫৩ রান নিয়ে। অন্য অপরাজিত ব্যাটসম্যান পল হ্যারিস এখনো রানের খাতা খোলেননি। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার সকালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। আর এই সিদ্ধান্তকে যৌক্তিক করে তোলার দায়িত্ব নেন অধিনায়ক স্মিথ নিজেই। অ্যালভিরো পিটারসেনকে নিয়ে গড়ে তোলেন মজবুত ভিত্তি। বারবার বোলার পরিবর্তন করেও উদ্বোধনী জুটি ভাঙ্গতে পারছিলেন না পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক। দলীয় ১৫৩ রানের মাথায় ভুল করেন পিটারসেন। সেই সঙ্গে সফলতার মুখ দেখে পাকিস্তান। আব্দুর রেহমানের বলে ইউনুস খানের হাতে ধরা পড়ে সাজঘরের পথ ধরেন তিনি। অবশ্য তার আগে করেন ৬৭ রান। তার ১১৮ বলের ইনিংসে চার রয়েছে নয়টি। এরপর স্মিথের সঙ্গে যোগ দেন হাশিম আমলা। তবে এই জুটি বেশি দূর যেতে পারেনি। দলের সঙ্গে মাত্র ৩৭ রান যোগ করেন তারা। ঠিক এক শ' রান করে স্মিথ ওয়াহাব রিয়াজের বলে তৌফিক ওমরের হাতে ধরা পড়েন। তখন দলের রান ছিল ১৯০। দক্ষিণ আফ্রিকার অধিনায়কের ২২তম শতকে চার রয়েছে আটটি। এরপর আমলা ও জ্যাক ক্যালিস, তৃতীয় উইকেট জুটিতে তোলেন ১১৭ রান। আরো একটি শতকের পথে হাঁটছিলেন আমলা। কিন্তু ৮০ রানে থেমে যায় তার ইনিংস। আমলা তার ১৫২ বলের ইনিংসটি সাজান সাতটি চার দিয়ে। পাকিস্তানের পক্ষে ৬১ রানে দু'টি উইকেট নেন রিয়াজ। অন্যটি নেন আব্দুর রেহমান। এজন্য তিনি রান দেন ৯১। এই টেস্টে অভিষেক হয়েছে কামরান আকমল এবং উমর আকমলের আরেক ভাই উইকেটরক্ষক আদনান আকমলের। পাকিস্তান দলে এর আগে তিন ভাই হানিফ মোহাম্মদ, মুশতাক মোহাম্মদ ও সাদিক মোহাম্মদ খেলেছেন। দুই টেস্টের সিরিজের দ্বিতীয়টি শুরু হবে ২০ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/এসএনএল/২০০৩ ঘ.