ঢাকা, নভেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দ্বাদশ জাতীয় ক্রিকেট লিগের একদিনের খেলার দ্বিতীয় পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেলো না ঢাকা বিভাগ। বুধবার দলটির বিপক্ষে ৭৯ রানে জিতেছে রাজশাহী বিভাগ। আরেক খেলায় বরিশাল বিভাগকে ৩ উইকেটে হারিয়েছে খুলনা বিভাগ।
মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ঢাকা ব্যাটিংয়ে পাঠায় রাজশাহীকে। জুনায়েদ সিদ্দিকি ও সাব্বির রহমানের অর্ধ-শতকের সুবাদে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২৭৬ রান করে তারা।
জুনায়েদ ৭৬ বলে করেন ৬০। সাব্বিরের ব্যাট থেকে আসে ৮৯ বলে ৭৪। শেষদিকে ফরহাদ রেজা মাত্র ১৪ বলে করেন ৩৫ রান।
ঢাকার পক্ষে আশরাফুল ৫৬ রানে নেন তিন উইকেট। দু'টি করে উইকেট নেন মোহাম্মদ শরীফ ও ইলিয়াস সানি।
লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকা ১৯৭ রানেই অলআউট হয়ে যায়। শুভাগত হোম করেন ৫৬ রান। আশরাফুল সাজঘরে ফিরেন মাত্র ৩ রান করে।
রাজশাহীর হয়ে দু'টি করে উইকেট নেন সোহরাওয়ার্দি শুভ, নাসির হোসেন ও নাইম ইসলাম।
এদিকে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে বরিশাল ৮ উইকেটে করে ২১৩ রান। ৮৩ বলে ৬৪ রান করেন আরাফাত সালাউদ্দিন। ৪০ রান আসে নাসিরুদ্দিন ফারুকের ব্যাট থেকে।
সাকিব আল হাসান ৩৪ রানে নেন ৩ উইকেট। দু'টি করে উইকেট নেন ডলার মাহমুদ এবং নাজিমুদ্দিন রিপন।
জবাবে নাজমুস সাদাতের অর্ধ-শতকের (৭১) সুবাদে খুলনা ৪৪ ওভার ৪ বলে ৭ উইকেট হারিয়ে জয়ে লক্ষ্যে পৌঁছে যায়। সাকিব করেন ৩৩ বলে ৩৫।
বরিশালের পক্ষে তিনটি করে উইকেট নেন আসিফ আহমেদ ও মনির হোসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮৫৮ ঘ.
bdnews24