ঢাকা, নভেম্বর ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আহমেদাবাদের মোতেরায় বৃহস্পতিবার ভারতের বিপক্ষে প্রথম টেস্ট খেলতে নামছে সফরকারী নিউজিল্যান্ড।
বাংলাদেশের কাছে একদিনের সিরিজে ৪-০ ম্যাচে হারা নিউজিল্যান্ড আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট র্যাঙ্কিংয়ের এক নম্বর দেশ ভারতের বিপক্ষে তাদের মাটিতেই কতটা লড়তে পারবে, তা নিয়ে ঘোর সন্দেহ আছে।
এই সিরিজের একমাত্র আকর্ষণ শচীন রমেশ টেন্ডুলকার। ৩৭ বছর বয়সে পৌঁছেও যেন ক্রিকেট-জীবনের মধ্য গগনে রয়েছেন তিনি। চলতি বছর এ পর্যন্ত ৯ টেস্টে ৯৭.৬৯ গড়ে ১,২৭০ রান করেছেন শচীন।
টেস্টে ছাড়িয়ে গেছেন ১৪ হাজার রানের মাইলফলক। এর মধ্যে শতক রয়েছে ৪৯টি।
আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের সামনে এ বছর রয়েছে আরো রেকর্ডের হাতছানি। ২০০৬ সালে এক বছরে সর্বাধিক ১,৭৬৮ রান করার রেকর্ড রয়েছে পাকিস্তানের মোহাম্মদ ইউসুফের। এটিও ছাড়িয়ে যেতে পারেন তিনি।
কেননা কিউইদের বিপক্ষে তিনটিসহ শচীন এ বছর আরো দু'টি টেস্ট খেলবেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
যদিও এসব নিয়ে মোটেই ভাবছেন না শচীন। বলেন, ''দলের সাফল্যই আমার কাছে সবার আগে। আর নিজে ধারাবাহিকভাবে ভালো খেলতে চাই।''
এ সিরিজে পুরো শক্তি নিয়ে মাঠে নামবে ভারত। দলে ফিরেছেন বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভির, জহির খান, ইশান্ত শর্মা ও হরভজন সিং।
নিউজিল্যান্ডের অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি বলেছেন, এ সিরিজে তারা ঘুরে দাড়াতে চান। তিনি বলেন, ''আমরা দলগতভাবে ভালো খেলতে চাই। জানি কাজটা কঠিন। কিন্তু সেটাই আমাদের জন্য চ্যালেঞ্জ।''
বর্তমান নিউজিল্যান্ড দলে ভেট্টোরি ছাড়া আর কারো ভারতে টেস্ট খেলার অভিজ্ঞতা নেই। তাই পথ দেখাতে হবে অধিনায়ককেই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/২১০৯ ঘ.
bdnews24