ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হার্শেল গিবস তার আত্মজীবনীতে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্ধকার দিক তুলে ধরেছেন। দলের খেলোয়াড়দের গাঁজা টানা, গ্র"প সেক্সে লিপ্ত হওয়া ও দলাদলির বিস্তারিত বর্ণনা দেন তিনি তার বইয়ে।
কিন্তু দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের ম্যানেজার মোহাম্মদ মুসাজি একে "কাণ্ডজ্ঞানহীন ও হতাশাজনক" বলে অভিহিত করে এসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন।
হার্শেল গিবস তার বই 'টু দ্য পয়েন্ট' এ তিনিসহ দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারদের গ্র"প সেক্সে লিপ্ত হওয়া, গাঁজা সেবন ও মদ নিয়ে মাতামাতির কথা লেখেন।
গিবস তার বইয়ে অভিযোগ করেন, অধিনায়ক গ্রায়েম স্মিথ, জ্যাক ক্যালিস, মার্ক বাউচার ও এবি ডি ভিলিয়ার্স দলাদলিতে লিপ্ত রয়েছেন। এর ফলে ইতিবাচক দলীয় চেতনা গড়ে তোলা অসম্ভব বলে তিনি উল্লেখ করেন।
কিন্তু মুসাজি বলেন, "এসব অভিযোগে দলের খেলোয়াড়রা হতাশ হয়ে পড়েছেন।" এরপর গিবসকে পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, "মাঠে তিনি কি করেছেন তাই তার লেখা উচিত।"
গত দু'বছর ধরে গিবস দলে নিয়মিত নন। তাই বর্তমান খেলোয়াড়দের দলীয় চেতনা সম্পর্কে মন্তব্য করার মতো অবস্থানে তিনি (গিবস) নেই বলে মুসাজি জোর দিয়ে বলেন।
তিনি বলেন, "পাকিস্তানের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা দলের খেলা দেখে যে কেউ বলবেন যে গিবস কাণ্ডজ্ঞানহীন অভিযোগ করেছেন। মাঠের মধ্যে দলীয় চেতনা ভালো না থাকলে এ ধরনের ফলাফল অর্জন করা সম্ভব নয়।"
দৃশ্যত ১৯৯৮ সালে দক্ষিণ আফ্রিকা দলের অস্ট্রেলিয়া সফরের প্রসঙ্গ টেনে গিবস এসব অভিযোগ করেন বলে উল্লেখ করে মুসাজি বলেন, "দক্ষিণ আফ্রিকা সেই সফরে গিয়েছিল ১২ বছর আগে। বর্তমান দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
গিবস তার আত্মজীবনীতে লেখেন, ২০০১ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় রজার তেলেমাকাস, আন্দ্রে নেল, জাস্টিন কেম্প ও পল অ্যাডামস গাঁজা টেনেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৭৩১ ঘ.
bdnews24