ঢাকা, নভেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের রঞ্জি ট্রফির ৭৭তম আসরে সবচেয়ে কম রানে অলআউট হওয়ার নজীর গড়ল হায়দ্রাবাদ। সোমবার জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে রাজস্থানের বিপক্ষে চারদিনের খেলার প্রথমদিন ৭৮ মিনিটে মাত্র ২১ রানে প্রথম ইনিংস গুটিয়ে যায় দলটির।
এর আগে রঞ্জির প্রথম মৌসুমে (১৯৩৪-৩৫) অমৃতসরে উত্তর ভারতের বিপক্ষে জয়ের লক্ষ্য ১১৪ রান তাড়া করতে গিয়ে দক্ষিণ পাঞ্জাব ২২ রানে অলআউট হয়েছিল।
রাজস্থানের পেসার দীপক চাহার তার প্রথম শ্রেণীর অভিষেক ম্যাচে ১০ রান দিয়ে নেন হায়দ্রাবাদের ৮ উইকেট।
অল্পের জন্য দীপক ভারতের প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক ম্যাচে সবচেয়ে বেশি উইকেট নেয়ার রেকর্ড গড়তে পারেননি। ১৯৫৬-৫৭ মৌসুমে মহারাষ্ট্রের বসন্ত রঞ্জন অভিষেক ম্যাচে ৯ উইকেট নিয়েছিলেন ৫৬ রানে।
হায়দ্রাবাদের কোনো ব্যাটসম্যান দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। জবাবে ১ উইকেটে ১২১ রান করেছে রাজস্থান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এনআই/১৮৫৩ ঘ.
bdnews24