ঢাকা, নভেম্বর ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - অবিশ্বাস্য একটি ইনিংস খেলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় একদিনের খেলায় পাকিস্তানকে জিতিয়ে অলরাউন্ডার আব্দুল রাজ্জাক বললেন, দলে জায়গা পাওয়া নিয়ে খেলোয়াড়দের অনিশ্চয়তা দূর করতে না পারলে পাকিস্তানের ক্রিকেট এগুবে না।
আবুধাবিতে রোববার দ্বিতীয় একদিনের খেলায় দক্ষিণ আফ্রিকাকে এক উইকেটে হারায় পাকিস্তান। ৫০ ওভারে ৮ উইকেটে ২৮৬ রান করে দক্ষিণ আফ্রিকা। শতক (১০০) হাঁকান কলিন ইনগ্রাম।
জবাবে ৭২ বলে ১০৯ রানের চমৎকার একটি হার না মানা ইনিংস খেলে পাকিস্তানকে জেতান রাজ্জাক। তখনো বাকি ছিল এক বল। হাতে ছিল এক উইকেট। রাজ্জাক তার ইনিংসটি সাজান ১০টি ছক্কা ও ৭টি চার দিয়ে।
খেলা শেষে রাজ্জাক বলেন, ''মাথার মধ্যে দলে জায়গা নিয়ে অনিশ্চয়তা থাকলে সেরা খেলা সম্ভব নয়। আমি নিজেও এর শিকার। পাকিস্তান দলে আমিও এক সময় অনাহূত হয়ে পড়েছিলাম। এতে বেশ কিছুটা সময় নষ্ট হয়েছে। অথচ দেশকে কিছু দেয়ার সামর্থ্য আমার সব সময়ই ছিল।''
রাজ্জাক এখানেই থামেননি, আরো বলেন, '' আমি যখনই মাঠে নেমেছি তখনই ধরে নিয়েছি এটাই আমার শেষ খেলা। এই শঙ্কা যদি একজন ক্রিকেটারের মাথার মধ্যে সব সময় ঘুরপাক খায় তাহলে সে তার সেরা খেলা খেলবে কি করে? কারণ ক্রিকেট মানসিক খেলা। খারাপ খেললেই দল থেকে বাদ, এই মনোভাব থেকে পাকিস্তানের ক্রিকেট কর্মকর্তাদের বেরিয়ে আসতে হবে। এমনকি, আমার ধারণা এ খেলায় ভালো খেলতে না পারলে বাদ পড়তাম পরের ম্যাচেই।"
ক্রিকেট কর্মকর্তাদের পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, কয়েক ম্যাচ খারাপ খেললেই কাউকে বাদ দেয়া মোটেও ঠিক নয়। বরং তার আত্মবিশ্বাস বাড়ানোর দিকে নজর দিতে হবে। কারণ ক্রিকেটে মানটাই স্থায়ী, ফর্ম অস্থায়ী।
ইন্ডিয়ান ক্রিকেট লিগে (আইসিএল) খেলার জন্য রাজ্জাককে নিষিদ্ধ করা হয়েছিল দু'বছরের জন্য। ইদানিং দলে ফিরলেও জায়গা পাকা করতে যথেষ্ট কাঠখড় পোড়াতে হচ্ছে তাকে।
দুবাইতে মঙ্গলবার পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় খেলায় মুখোমুখি হবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
প্রথম একদিনের খেলায় জেতে দক্ষিণ আফ্রিকা। ফলে সিরিজে এখন ১-১ সমতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/১৭৪৮ ঘ.
bdnews24