২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ আফ্রিকার সহজ জয়

পাকিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Oct 2010, 01:10 PM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে সহজেই ৮ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম একদিনের খেলায় শুক্রবার টস জিতে ব্যাটিং-এ নেমে ৪৯ ওভারে ২০৩ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। রান তাড়া করতে নেমে ২ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ২০৪ রান টপকে ২০৭ এ পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তখনো হাতে ছিল ১০ ওভার ৩ বল। ব্যাটিং-এ নেমে দলীয় ২৬ রানের মাথায় লোনওয়াবো সোটসবের বলে আসাদ শফিক (১৯) হাশিম আমলার হাতে ধরা পড়েন। এ অবস্থায় হাল ধরে মোহাম্মদ হাফিজ ও ইউনুস খান দ্বিতীয় উইকেট জুটিতে ১১৪ রান যোগ করলে দলের অবস্থা মজবুত হয়ে ওঠে। কিন্তু ইউনুস ও হাফিজের সাজঘরে ফিরে যাওয়ার পর পাকিস্তানের আর কোনো ব্যাটসম্যান সুবিধা করতে পারেননি। ইউনুস ৭৫ বলে করেন ৫৪। চার মেরেছেন দু'টি। হাফিজ করেন ৬৮। তার ৮৪ বলের ইনিংসে চার রয়েছে সাতটি। সোটসবে ২৭ রানে নেন ৪ উইকেট। রান তাড়া করতে নেমে দলীয় ২৯ রানের মাথায় শোয়েব আখতারের বলে চোট পাওয়ায় মাঠ ছাড়তে হয় দক্ষিণ আফ্রিকার অধিনায়ক গ্রায়েম স্মিথকে (১৮)। বলটি তার বাঁ-হাতে লেগেছিল। ১৮৮ রানের মাথায় বাঁ-পায়ের পেশিতে টান পড়ায় আর ব্যাট করতে পারেননি জ্যাক ক্যালিসও। ৮৮ বলে ৬৬ করেন তিনি। এর আগে ৭০ রানের মাথায় হাশিম আমলা (৩৫) সাজঘরের পথ ধরেন। আর ১৪৭ রানের মাথায় বিদায় নেয়ার আগে এবি ডি ভিলিয়ার্স ৫৩ বলে করেন ৫১। এরপর আর কোনো অঘটন ঘটেনি। শেষ পর্যন্ত পল দুমিনি ১০ ও কলিন ইনগ্রাম ১৫ রানে অপরাজিত ছিলেন। এই খেলায় জিতে পাঁচ ম্যাচের একদিনের সিরিজে ১-০ তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার সোটসবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৮৪২ ঘ.