ঢাকা, অক্টোবর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় ক্রিকেট লিগে একদিনের খেলায় শুক্রবার জিতেছে ঢাকা, খুলনা এবং বরিশাল। ঢাকা ২ উইকেটে হারায় রাজশাহীকে। খুলনা ৬ উইকেটে জেতে সিলেটের বিপক্ষে এবং বরিশাল ৯ উইকেটে হারায় চট্টগ্রামকে।
ঢাকা - রাজশাহী : রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ঢাকা ২ উইকেটে হারায় রাজশাহীকে।
প্রথমে ব্যাট করতে নেমে মুশফিকুর রহিমের ৭২, জুনায়েদ সিদ্দিকীর ৫৫ এবং জোবায়েরের ৪২ রানের সুবাদে রাজশাহী ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৩ রান করে। ঢাকার শাহাদাত হোসেন ও নূর হোসেন দু'টি করে উইকেট নেন।
২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ঢাকা জেতে শেষ ওভারে। ঢাকার মাহমুদউল্লাহ রিয়াদ ১২২ বলে ১১৬ রানের অনবদ্য একটি ইনিংস খেলে ম্যান অব দ্য ম্যাচ হন। মোহাম্মদ আশরাফুল করেন ৬৩ রান।
খুলনা - সিলেট : মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খুলনা সহজেই হারায় সিলেটকে। লো স্কোরিং ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে সিলেট ৪৩ ওভার ২ বলে মাত্র ১৩৫ রানে অলআউট হয়ে যায়। খুলনার রুবেল হোসেন ৩ উইকেট নেন ৪৩ রানে।
জবাবে ৩২ ওভার ৪ বলে ৪ উইকেট হারিয়ে ১৩৬ রান তুলে জয় পায় খুলনা। তুষার ইমরান ৫১ এবং নাজমুস সাদাত ৪২ রান করেন।
বরিশাল - চট্টগ্রাম : বগুড়ার শহীদ চাঁন্দু স্টেডিয়ামে বরিশাল ৯ উইকেটের বিশাল ব্যবধানে হারায় চট্টগ্রামকে। প্রথমে ব্যাট করতে নামা চট্টগ্রাম ৫০ ওভারে ৯ উইকেটে ২১৮ রান তোলে। মাহমুদুল হাসান ৪১, গাজী সালাউদ্দিন ৩০, নাফিস ইকবাল ২৭ এবং কামরুল ইসলাম ২৬ রান করেন। বরিশালের মিডিয়াম পেসার কামরুল ৬৪ রানে ৫ উইকেট নেন।
জবাবে বরিশালের উদ্বোধনী ব্যাটসম্যান ফজলে মাহমুদের অপরাজিত শতরানের (১০০) সুবাদে ৪৬ ওভার ৫ বলে তারা ২২২ রান তুলে সহজ জয় পায়। ফজলের সঙ্গে ৮০ রানে অপরাজিত ছিলেন শাহরিয়ার নাফিসও।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচ/এনআই/২০৪০ ঘ.
bdnews24