২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ: চট্টগ্রামে কর্পোরেশনের দুই প্রকল্প

বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছয় কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 03:35 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

চট্টগ্রাম, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ছয় কোটি টাকার দুটি প্রকল্পের কাজ শুরু করেছে। বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেট ভেন্যু 'জহুর আহমদ চৌধুরী বিভাগীয় স্টেডিয়াম' সংলগ্ন সাগরিকা এলাকায় 'কার পার্কিং প্রকল্প' ও 'সেনবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্প' উদ্বোধন করেন সিটি মেয়র মনজুর আলম। কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা সাইফুদ্দিন আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় এক দশমিক চার কিলোমিটার দীর্ঘ ও ১৫ মিটার প্রস্থের কার পার্কিং প্রকল্পে মোট ব্যয় হবে পাঁচ কোটি টাকা। তিনি জানান, স্টেডিয়াম সংলগ্ন প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্যরে সেনবাড়ি সড়ক উন্নয়ন প্রকল্পে এক কোটি টাকা খরচ হবে। প্রকল্প দুটি উদ্বোধনের সময় সিটি মেয়র মনজুর আলম বলেন, "বিশ্বকাপ ক্রিকেটকে সামনে রেখে নগরীতে বিভিন্ন সড়ক, পার্কিং, ব্রিজ ও ড্রেন নির্মাণ এবং সৌন্দর্য বর্ধন প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে এসব প্রকল্পের জন্য সরকার কর্পোরেশনকে ৮৭ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। কার পার্কিং প্রকল্পের পরিচালক মোখতার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ডিসেম্বরের মধ্যে পুরো কাজ শেষ হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ার্ড কাউন্সিলর নিছার আহমদ মনজু, মোরশেদ আকতার চৌধুরী, হাজী নুরুল হক, সিসিসি'র ভারপ্রাপ্ত সচিব মোমিনুর রশিদ আমিন ও প্রকল্প পরিচালক প্রকৌশলী মোখতার আলম উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/পিডি/২১১৯ঘ.