২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাঠে ফেরার ব্যাপারে সালমান আশাবাদী

পাকিস্তানের ব্যাটসম্যান সালমান বাট আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 01:40 PM

Updated : 25 Aug 2022, 07:29 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানের ব্যাটসম্যান সালমান বাট আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ব্যাপারে দৃঢ় আস্থা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যখন 'স্পট ফিক্সিং' নিয়ে সালমান ও পেস বোলার মোহাম্মদ আমিরের আপিলের শুনানির প্রস্তুতি নিচ্ছে, ঠিক তখনই তিনি এই আস্থা প্রকাশ করেন। সালমান বলেন, "অচিরেই অভিযোগ ও সাময়িক নিষেধাজ্ঞা উঠে যাবে বলে আমি আশা করছি। সেই সঙ্গে দেশের হয়ে খেলার জন্য আমাকে আবারো দলে নেয়া হবে।" "একদিন না একদিন আবারো পাকিস্তানের হয়ে খেলার সুযোগ পাবো বলে আমি আশা করছি" বলেন তিনি। ইংল্যান্ড সফরে পাকিস্তানের টেস্ট দলের অধিনায়কের দায়িত্ব পালন করেন সালমান। 'স্পট ফিক্সিং'র সঙ্গে জড়িত থাকার অভিযোগ ওঠার পর সালমান এবং পেসার মোহাম্মদ আসিফ ও আমিরকে সাময়িকভাবে নিষিদ্ধ করে আইসিসি। এর বিরুদ্ধে আপিল করেন তিনজনই। গত সপ্তাহের শেষদিকে আসিফ অবশ্য তার আপিল প্রত্যাহার করে নেন। তবে শনি ও রোববার সালমান ও আমিরের আপিলের শুনানি হবে দোহায়। আগস্টের শেষদিকে লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে আসিফ ও আমির ইচ্ছা করে 'নো-বল' করেন। আর এতে সালমান বাট নাটের গুরু ছিলেন বলে অভিযোগ করে ইংল্যান্ডের একটি পত্রিকা 'নিউজ অব দি ওয়ার্ল্ড'। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এনআই/১৯০৫ ঘ.