২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় খেলায় জিতে সিরিজ দ. আফ্রিকার

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ খেলাতেও ৬ উইকেটে হেরে গেছে পাকিস্তান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Oct 2010, 08:23 AM

Updated : 25 Aug 2022, 07:30 PM

ঢাকা, অক্টোবর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টোয়েন্টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ খেলাতেও ৬ উইকেটে হেরে গেছে পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে পাকিস্তান ৯ উইকেটে করে ১২০ রান। দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্য ১২১ রান টপকে ১২৫ এ পৌঁছে যায় ৪ উইকেটে। তখনও হাতে ছিল আট বল। আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বুধবার ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। দলীয় ৯ রানের মাথায় উদ্বোধনী ব্যাটসম্যান শাহজিব হাসান (৬) ফিরে যান সাজঘরে। এরপর চলতে থাকে ব্যাটসম্যানদের যাওয়া-আসার পালা। দলের পক্ষে সব চেয়ে বেশি ৩৩ রান করেন মিসবাহ উল হক। এছাড়া আব্দুল রাজ্জাক ২৫, জুলকারনাইন হায়দার ১৭ ও মোহাম্মদ হাফিজ ১৪ রান করেন। অন্য ব্যাটসম্যানদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। দক্ষিণ আফ্রিকার বোলারদের মধ্যে রাস্টি থেরন ৪ উইকেট নেন ২৭ রানে। এছাড়া ২০ রানে দুই উইকেট নেন লনওয়াবো সটসবে। রান তাড়া করতে নেমে দলীয় ৩৮ রানের মাথায় দক্ষিণ আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান লুটস বোসম্যান (১১) সাজঘরে ফিরে যান। তবে বিপদে পড়তে হয়নি গ্রায়েম স্মিথের দলকে। দলের পক্ষে সব চেয়ে বেশি ৩৮ রানও করেন তিনি। এছাড়া কলিন ইনগ্রাম করেন ৩১। শেষ পর্যন্ত জাঁ পল দুমিনি ২০ ও ডেভিড মিলার ৬ রানে অপরাজিত ছিলেন। ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রাস্টি থেরন। সিরিজ সেরা হন জোহান বোথা। এই জয়ের ফলে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ২-০ ব্যবধানে জিতে নিল দক্ষিণ আফ্রিকা। দেশ দু'টির মধ্যে পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথমটি হবে ২৯ অক্টোবর। আর ৮ নভেম্বর হবে পঞ্চমটি। দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি শুরু হবে ১২ নভেম্বর। দ্বিতীয়টি ২০ নভেম্বর। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪১ ঘ.