ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে ৬ উইকেটে হার মেনেছে পাকিস্তান।
প্রথমে ব্যাট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১১৯ রানে। নির্ধারিত ২০ ওভারও খেলতে পারেনি দলটি। অল-আউট হয়ে যায় এক বল বাকি থাকতেই।
দক্ষিণ আফ্রিকা জয়ের লক্ষ্য ১২০ রানে পৌঁছে যায় চার উইকেটে। তখনও হাতে ছিল দশ বল।
আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। লনওয়াবো সটসবের মারাত্মক বোলিংয়ের মুখে সুবিধা করতে পারেননি কোনো ব্যাটসম্যানই। উইকেট পড়তে থাকে নিয়মিত বিরতিতে। দলের পক্ষে সবচেয়ে বেশি ৩২ বলে ২৭ রান করেন মিসবাহ উল হক। অধিনায়ক শহিদ আফ্রিদি করেন ২৫। তার মাত্র ৭ বলের ইনিংসে চার রয়েছে একটি ও ছক্কা তিনটি।
এছাড়া আর কোনো ব্যাটসম্যান ২০-এর ঘরে পৌঁছাতে পারেননি।
সটসবে মাত্র ১৬ রানে নেন তিন উইকেট। জোহান বোথাও নেন তিন উইকেট। তবে তাকে রান দিতে হয়েছে ৩১।
জবাব দিতে নেমে ২৬ রানের মধ্যে তিন উইকেট হারালেও জাঁ পল দুমিনি ও কলিন ইনগ্রামের ব্যাটিংয়ের সুবাদে সহজেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা।
দুমিনি ৪৬ বলে ৪১ রান করে সাজঘরে ফিরে গেলেও শেষ পর্যন্ত খেলে যান ইনগ্রাম। ৩৮ বলে ৪৬ রানের হার না মানা একটি ইনিংস খেলেন তিনি। এছাড়া ডেভিড মিলার অপরাজিত ছিলেন ১৩ রানে।
পাকিস্তানের বোলারদের মধ্যে শোয়েব আক্তার দুই উইকেট নেন ২৯ রানে।
ম্যাচসেরা হন দক্ষিণ আফ্রিকার দুমিনি।
এই খেলায় জিতে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকা ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/এসএনএল/১৬৪৭ ঘ.
bdnews24