ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - তিক্ত অতীতকে আর মনে রাখতে চান না পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইউনুস খান। বরং ক্রিকেট জীবন নতুন করে শুরু করতে চান তিনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সঙ্গে ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ৩২ বছর বয়সী ইউনুস দু'দিন আগে একদিনের দলে ফিরেছেন। খেলবেন তিনি সংযুক্ত আরব আমিরাতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে।
ইউনুস বলেছেন, ''দলে ফিরে আমি খুবই খুশি হয়েছি। এখন দেশের হয়ে খেলতে চাই। দল পরিচালনা কমিটিই সিদ্ধান্ত নেবে আমাকে কোথায় খেলাবে।''
গত বছর ইংল্যান্ডে তার নেতৃত্বেই পাকিস্তান টি-টোয়ন্টি বিশ^কাপ জেতে। তারপর বিশ ওভারের এই ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন ইউনুস। তবে এখন টোয়েন্টি-টোয়ন্টিতেও ফিরতে চাইছেন তিনি।
প্রধান নির্বাচক মোহসিন খান বলেছেন, আপাতত একদিনের সিরিজে ইউনুস কেমন খেলেন তা যাচাই করে দেখা হবে। মূলত এর ওপরেই নির্ভর করবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে ইউনুসের দলে ফেরা।
ইউনুস বলেন, ''বোর্ডের সঙ্গে আমার কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। এখন তা মিটে গেছে। আমার পুরো নজর এখন ক্রিকেট ওপর। দলের সঙ্গে অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছি। খেলার জন্য মুখিয়ে আছি আমি।''
ইউনুস সাফ জানিয়ে দিয়েছেন, অধিনায়কত্ব ফিরে পাওয়ার কোনো ইচ্ছে তার নেই। এ প্রসঙ্গে তিনি বলেন, ''আমি আর নেতৃত্বের দৌড়ে নেই। এখন কেবল দেশের হয়ে খেলে যেতে চাই।''
গত প্রায় নয় মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি ইউনুস। তবে এজন্য কোনো সমস্যা হবে না তার। একটি ভালো ইনিংসই ছন্দে ফেরার জন্য যথেষ্ঠ বলে মনে করেন তিনি।
ইউনুস ৬৩ টেস্টে ৫০.০৯ গড়ে রান করেছেন ৫২৬০। ২০২টি একদিনের ম্যাচে ৫৭৬৫ রান করেছেন। গড় ৩২.৫৭। এছাড়া ২২টি টোয়েন্টি-টোয়ন্টি ম্যাচে রান করেছেন ৪৩২।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৭৫২ ঘ.
bdnews24