২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বোর্ডার-গাভাস্কার ট্রফি ভারতের

শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর টেস্টেও হার এড়াতে পারলো না অস্ট্রেলিয়া। বুধবার শেষদিনে চা-বিরতির কিছুক্ষণ পরই ৭ উইকেটের সহজ জয় তুলে নিল ভারত। (নতুন তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2010, 10:09 AM

Updated : 25 Aug 2022, 07:06 PM

ঢাকা, অক্টোবর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর) - শেষ পর্যন্ত ব্যাঙ্গালোর টেস্টেও হার এড়াতে পারলো না অস্ট্রেলিয়া। বুধবার শেষদিনে চা-বিরতির কিছুক্ষণ পরই ৭ উইকেটের সহজ জয় তুলে নিল ভারত। (নতুন তথ্যসহ-১) এর আগে দুই টেস্ট সিরিজের প্রথমটিতে এক উইকেটের নাটকীয় জয় পেয়েছিল ভারত। ফলে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলটির কাছে 'হোয়াইটওয়াশ' হলো অজিরা। সেই সঙ্গে মহেন্দ্র সিং ধোনির দল জিতে নিল বোর্ডার-গাভাস্কার ট্রফি। অস্ট্রেলিয়ার প্রথম পালার ৪৭৮ রানের জবাবে শচীন টেন্ডুলকারের ষষ্ঠ দ্বি-শতকের (২১৪) সুবাদে ভারত রান করে ৪৯৫। ফলে এগিয়ে যায় ১৭ রানে। দ্বিতীয় পালায় অস্ট্রেলিয়া অধিনায়ক রিকি পন্টিংয়ের অর্ধ-শতকের সুবাদে ২২৩ রান করলে ভারতের জয়ের লক্ষ্য দাঁড়ায় ২০৭। জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় ভারত। মারকুটে উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ (৭) হিলফেনহসের বলে উইকেটের পেছনে টিম পেইনের হাতে ধরা পড়েন। কিন্তু মুরালি বিজয় ও চেতেশ্বর পুজারা সেই ধাক্কা শুধু সামালই দেননি, হাঁটতে থাকেন জয়ের পথ ধরে। দলীয় ৮৯ রানের মাথায় মুরালি শেন ওয়াটসনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়লেও খেলে যেতে থাকেন পুজারা। অভিষেক টেস্টেই আদায় করে নেন অর্ধ-শতক। ১৪৬ রানের মাথায় হরিজের বলে বোল্ড হওয়ার আগে করেন ৭২। তিনি তার ৮৯ বলের ইনিংসটি সাজান সাতটি চার দিয়ে। এরপর আর পেছন ফিরে তাকাতে দেননি মাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও দ্য ওয়াল নামে পরিচিত রাহুল দ্রাবিড়। দলকে পৌঁছে দেন জয়ের কাক্সিক্ষত ঠিকানায়। সেই সঙ্গে তুলে নেন টেস্ট-জীবনের ৫৮তম অর্ধ-শতক। ৫৩ রানে অপরাজিত থাকেন তিনি। অন্য প্রান্তে দ্রাবিড় ছিলেন ২১ রানে অপরাজিত। এর আগে ৭ উইকেটে ২০২ রান নিয়ে দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। কিন্তু বেশি দূর টেনে নিয়ে যেতে পারেননি বাকি তিন ব্যাটসম্যান। দলের সঙ্গে মাত্র ২১ রান যোগ করতেই ঝরে পড়েন তারা। সকালের সেশনেই ২২৩ রানে থেমে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। প্রথমেই সাজঘরের পথ ধরেন মিচেল জনসন। ৩০ বলে ১১ রান করে জহির খানের বলে বোল্ড হন তিনি। বেন হিলফেনহস ও পিটার জর্জ হিসেবের খাতাই খুলতে পারেননি। ২১ রানে অপরাজিত ছিলেন নাথান হরিজ। তিনটি করে উইকেট নেন প্রজ্ঞান ওজা এবং জহির খান। এজন্য ওঝার খরচ হয় ৫৭ রান। জহির খান দেন ৪১। ম্যাচসেরার পুরস্কার পেয়েছেন টেন্ডুলকার। সিরিজ সেরাও তিনি। ব্যাঙ্গালোরে ১৯৯৫ সালের পর এই প্রথম টেস্ট জিতলো ভারত। সে বছর তারা নিউজিল্যান্ডকে হারিয়েছিল ৮ উইকেটে। এ মাঠে ১৯ টেস্ট খেলে ভারত জিতেছে মাত্র ৫টি। হার মেনেছে ৬টিতে। অমীমাংসিতভাবে শেষ হয়েছে আটটি। এই তৃতীয়বারের মতো দুই কিংবা তারও বেশি ম্যাচের টেস্ট সিরিজের সব ম্যাচই জিতলো ভারত (এখানে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ ধরা হয়নি)। এর আগে ভারত সিরিজের সব খেলাতেই জিতেছিল ১৯৯০'র দশকে। ১৯৯২-৯৩ মৌসুমে ইংল্যান্ডকে ও ১৯৯৩-৯৪ মৌসুমে শ্রীলঙ্কাকে ৩-০ ম্যাচে হোয়াইটওয়াশ করেছিল তারা। দেশের বাইরে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো সব খেলায় হার মেনেছিল ১৯৮২ সালে, পাকিস্তানের কাছে। করাচিতে হেরেছিল ৯ উইকেটে, ফয়সালাবাদে ইনিংস ও ৩ রানে এবং লাহোরে ৯ উইকেটে। আর দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে অস্ট্রেলিয়া প্রথমবারের মতো তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ১৯৮৮ সালের নভেম্বর-ডিসেম্বরে। খেলা হয়েছিল ব্রিসবেন, পার্থ ও মেলবোর্নে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/টিআর/১৮১২ ঘ.