ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নিজের আন্তর্জাতিক ক্রিকেট জীবন রক্ষা করতে শেষ পর্যন্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান ইজাজ বাটের সঙ্গে দেখা করতে রাজি হয়েছেন সাবেক অধিনায়ক ইউনুস খান।
নাম প্রকাশে অনিচ্ছুক পিসিবির এক কর্মকর্তা জানান, ইউনুস বলেছেন যে তার সঙ্গে বাটের কোনো বিরোধ নেই। বাট চাইলে তিনি যে কোনো সময় তার (বাট) সঙ্গে দেখা করতে রাজি। কিন্তু পিসিবির কাছ থেকে এতদিন কোনো সাড়াশব্দ পাননি বলেই তিনি যোগাযোগ করতে পারেননি।
অস্ট্রেলিয়া সফরে পাকিস্তানের ভরাডুবির পর ইউনুসসহ সাত ক্রিকেটারকে বিভিন্ন ধরনের শাস্তি দেয় পিসিবি। অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করা হয় ইউনুসকে। গত জুনে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলেও ইউনুসকে জাতীয় দলে ডাকেনি পাকিস্তান।
সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সিরিজেও দলে জায়গা হয়নি ইউনুসের। এ ব্যাপারে আমির সোহেল, আব্দুল কাদির এবং ইকবাল কাসিমের মতো সাবেক ক্রিকেটাররা সমালোচনায় মুখর হয়ে ওঠেন।
মূলত এই সমালোচনার কারণে পিসিবি দু'দিন আগে ইউনুসকে চিঠি দেয়। এতে বলা হয়, চিঠি পাওয়ার সাতদিনের মধ্যে তাকে পিসিবির সঙ্গে যোগাযোগ করতে হবে। অন্যথায় তার বিরুদ্ধে ফের ব্যবস্থা নেবে পিসিবি।
এরই পরিপ্রেক্ষিতে ইউনুস এই সিদ্ধান্ত নিয়েছেন। তার আইনজীবী আহমেদ কাইয়ুমও জানিয়েছেন, তার মক্কেল পিসিবির সঙ্গে যে কোনো সময় আলোচনায় বসতে রাজি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৩৩ ঘ.
bdnews24