২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিরিজ জয়ের লক্ষ্য থেকে সরেনি কিউইরা

প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও সিরিজ জয়ের অঙ্গীকার থেকে এক বিন্দুও পিছু হটে যাননি নিউজিল্যান্ড কোচ মার্ক গ্রেটব্যাচ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2010, 01:59 PM

Updated : 25 Aug 2022, 07:03 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশের কাছে হারলেও সিরিজ জয়ের অঙ্গীকার থেকে এক বিন্দুও পিছু হটে যাননি নিউজিল্যান্ড কোচ মার্ক গ্রেটব্যাচ। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার তিনি সাংবাদিকদের বলেন, ''সবে মাত্র একটি ম্যাচ হয়েছে। বাকি আছে আরো চার ম্যাচ। কাজেই সিরিজ জয়ের লক্ষ্য থেকে সরে আসার কোনো কারণ নেই।'' তবে শুক্রবার বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় একদিনের ম্যাচের আগে সফরকারীরা আরো সাবধান থাকবে বলে জানান গ্রেটব্যাচ। কারণ কিউই কোচের মতে, পরের খেলায় বাংলাদেশের সামনেও ২-০ ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। তাই ঠেকাতেই হবে বাংলাদেশকে। দুই ম্যাচে পিছিয়ে পড়লে সিরিজে ফিরে আসা কঠিন হবে বলেই মানছেন গ্রেটব্যাচ। কাজেই দ্বিতীয় ম্যাচে আগের সব ভুল শোধরাতে চান তিনি। প্রশ্ন উঠেছিল এই হার বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের জন্য কোনো অশনি সংকেত কিনা। সেই শঙ্কা একেবারে উড়িয়ে দেন কিউই কোচ। বলেন, ''বিশ্বকাপের এখনো প্রায় ছয় মাস বাকি। কাজেই এই হারের প্রভাব বিশ্বকাপে পড়ার কোনো কারণই নেই। তবে বিশ্বকাপের আগে প্রতিটি ম্যাচই শেখার। সেই দিক থেকে এই সিরিজটি ভীষণ গুরুত্বপূর্ণ। বলতে দ্বিধা নেই, প্রথম খেলায় হার আমাদের নাড়িয়ে দিয়েছে। আমরা এখন দ্বিতীয় ম্যাচের দিকে তাকিয়ে রয়েছি।'' হারের জন্য বাংলাদেশকে কৃতিত্ব দেয়ার পাশাপাশি গ্রেটব্যাচ বৃষ্টি এবং দলের খেলোয়াড়দের নিজেদের সেরা খেলা খেলতে না পারাকেও দায়ী করেছেন। তবে স্বীকার করেছেন, দু'দলের মধ্যে পার্থক্য গড়ে দেন সাকিবই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/১৯৫০ ঘ.