ঢাকা, অক্টোবর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং'র অভিযোগে সাময়িকভাবে নিষিদ্ধ করার বিরুদ্ধে পাকিস্তানের তিন ক্রিকেটার সালমান বাট, মোহাম্মদ আমির ও মোহাম্মদ আসিফের আপিলের শুনানি হবে কাতারের দোহায়, ৩০ ও ৩১ অক্টোবর।
শুনানির তারিখের কারণে এটা নিশ্চিত যে, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 'হোম' সিরিজে পাকিস্তানের হয়ে দুই ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ ও পাঁচ ম্যাচের একদিনের সিরিজের প্রথম দু'টি খেলা হবে না এই তিন ক্রিকেটারের।
এ মাসের ২৬ তারিখ থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে পাকিস্তান-দক্ষিণ আফ্রিকা ক্রিকেট সিরিজ।
শুনানির জন্য লন্ডন যেতে রাজি নন অভিযুক্তরা। কারণ হিসেবে তারা বলেছেন, লন্ডনের সংবাদ মাধ্যম পাকিস্তানি ক্রিকেটারদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছে।
যদিও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষ থেকে প্রথমে দুবাইয়ে শুনানির আয়োজন করার কথা ভাবা হয়েছিল। কিন্তু ২০০৮ সালে দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েছিলেন আসিফ। এরপর তার দুবাই প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই লন্ডনকেই শুনানির জন্য বেছে নেয়া হয়েছিল।
পরে খেলোয়াড়দের পছন্দ অনুযায়ী, দোহাকেই বেছে নেয় আইসিসি।
লর্ডস টেস্টে অর্থের বিনিময়ে আসিফ ও আমির নো বল করায় তাদের সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়। আর এতে নাটের গুরু ছিলেন ওই খেলায় পাকিস্তানের অধিনায়ক সালমান বাট। তাই তাকেও সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/১৬৪৫ ঘ.
bdnews24