ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাকিব আল হাসানকে কি বাংলাদেশের 'পয়া' অধিনায়ক বলা যায়? কারণ ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দলকে জেতালেন তিনি আরো একবার। মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম একদিনের ম্যাচে ৯ রানে হারায় নিউজিল্যান্ডকে। ব্যাট হাতে ৫১ বলে ৫৮ রান। আর বল হাতে ৪১ রানে ৪ উইকেট নিয়ে তিনিই বাংলাদেশের জয়ের নায়ক।
এমন জয় আর নিজের খেলায় স্বভাবতই খুশি সাকিব। বলেন, ''যে কোনো জয়ই আনন্দের। তবে এ খেলায় শেষ পর্যন্ত নেতৃত্ব দেয়ার পাশাপাশি দলের জয়ে ভূমিকা রাখতে পেরেও দারুণ ভালো লাগছে।''
কিন্তু কিউইদের বিপক্ষে এমন জয়ের পরও দুঃশ্চিন্তার ভাজ সাকিবের কপালে। কারণ চোট পেয়েছেন বাংলাদেশ দলের দুই পেসার, অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও নাজমুল হোসেন। আর প্রথম ম্যাচের আগে থেকেই দুই পেসার রুবেল হোসেন ও সাইফুল ইসলাম চোটের কারণে দলের বাইরে রয়েছেন।
মাশরাফি ও নাজমুল, দু'জনেরই বাকি চার খেলায় মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে। তাই ভারপ্রাপ্ত অধিনায়ক সাকিব এখন দলের পেস আক্রমণ নিয়ে খুবই ভাবনায় রয়েছেন।
অলরাউন্ডার হিসেবে সাকিব, না কিউই অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি এগিয়ে, এ প্রসঙ্গ তুলতেই তিনি (সাকিব) বললেন, ''আমি এসব নিয়ে ভাবছি না। আমার কাছে দলের সাফল্যই সবার আগে। সব সময় নিজের খেলা নিয়েই ভাবি। প্রতি ম্যাচে আরো ভালো খেলাই আমার লক্ষ্য।''
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/এসএনএল/২১০৭ ঘ.
bdnews24