ঢাকা, অক্টোবর ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - 'স্পট ফিক্সিং' এর দায়ে সাময়িকভাবে নিষিদ্ধ হওয়া পাকিস্তানের ক্রিকেটার সালমান বাট ও মোহাম্মদ আমির তাদের শুনানির জন্য লন্ডনে নয় বরং কাতারে হাজির হতে চান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল- আইসিসিকে তারা এই বিষয়ে অনুরোধও করেছেন।
বাটের আইনজীবী খালিদ রানঝা ও আমিরের আইনজীবী শহীদ করিম নিজেদের মক্কেলের হয়ে আইসিসির কাছে এ বিষয়ে অনুরোধ করে চিঠি পাঠিয়েছেন। একই সঙ্গে তাদের শুনানির দিন আরো এগিয়ে আনারও আহবান জানিয়েছেন আইনজীবীরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডও চায় শুনানি কর্যক্রম দ্রুত হোক। কারণ তারা বাট-আমির-আসিফকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজেই খেলাতে চান।
লন্ডনের সংবাদ মাধ্যম পাকিস্তানের ক্রিকেটারদের বিরুদ্ধে নেতিবাচক প্রচারনায় ব্যস্ত। বাট-আমির আশঙ্কা করছেন তারা শুনানির জন্য লন্ডনে গেলে তাদের বিরুদ্ধে আরো নেতিবাচক খবর প্রকাশে সংবাদ মাধ্যমগুলি ঝাঁপিয়ে পড়বে। তাই বাট ও আমির অনুরোধ করেছেন লন্ডনের পরিবর্তে অন্য যে কোনো শহর শুনানির জন্য বেছে নেয়া হোক। এতে তাদের এক নম্বর পছন্দ কাতার। তাছাড়া নিরপেক্ষ তদন্তের জন্যও এটা দরকার বলে অভিযুক্তদের আইনজীবীরা মনে করেন।
এর আগে আইসিসি জানিয়েছিল অক্টোবরের শেষ সপ্তাহে লন্ডনে শুনানি হবে। যদিও প্রথমে দুবাইয়ের কথা ভাবা হয়েছিল। কিন্তু ২০০৮ সালে দুবাই বিমানবন্দরে মাদকসহ ধরা পড়েছিলেন স্পট ফিক্সিংয়ে আরেক অভিযুক্ত মোহাম্মদ আসিফ। এরপর থেকে আসিফের দুবাই প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাই লন্ডনকে শুনানির জন্য বেছে নেয় আইসিসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমএইচ/২০৪৫ ঘ.
bdnews24