২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপে খেলবেন গ্রান্ট ফ্লাওয়ার!

২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে মাঠে দেখা যেতে পারে গ্রান্ট ফ্লাওয়ারকে। জিম্বাবুয়ে ক্রিকেটের নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল এমনটি দেখতে চান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2010, 03:02 PM

Updated : 25 Aug 2022, 06:44 PM

ঢাকা, অক্টোবর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটে জিম্বাবুয়ের হয়ে মাঠে দেখা যেতে পারে গ্রান্ট ফ্লাওয়ারকে। জিম্বাবুয়ে ক্রিকেটের নির্বাচক অ্যালিস্টার ক্যাম্পবেল এমনটি দেখতে চান। তিনি বলেন, ফ্লাওয়ার বিশ্বকাপে খেললে তরুণ খেলোয়াড়রা উপকৃত হবে। কারণ তিনি জিম্বাবুয়ের অন্যতম অভিজ্ঞ ক্রিকেটার। বয়স ৩৯ বছর হলেও জাতীয় দলে ফিরছেন গ্রান্ট। যদিও তার ভাই অ্যান্ডি ফ্লাওয়ার এখন ইংল্যান্ডের কোচ। আগামী মাসে দক্ষিণ আফ্রিকা সফরের জন্য শুক্রবার একদিনের ও টোয়েন্টি-টোয়েন্টি দল ঘোষণা করে জিম্বাবুয়ে। একদিনের দলে নাম রয়েছে গ্রান্ট ফ্লাওয়ারের। জিম্বাবুয়ের হয়ে শেষবারের মতো মাঠে নেমেছিলেন ছয় বছর আগে। অ্যান্ডি ফ্লাওয়ারের মতো গ্রান্টও গত ছয় বছর ধরে ইংল্যান্ডেই থেকেছেন। কাউন্টি ক্রিকেট খেলেছেন এসেক্সের হয়ে। এ বছরের আগস্টে জিম্বাবুয়ে ফেরেন তিনি। দায়িত্ব নেন জাতীয় দলের ব্যাটিং কোচের। তবে এবার তিনি নিজেই মাঠে নামতে যাচ্ছেন। জিম্বাবুয়ের হয়ে ৬৭ টেস্ট এবং ২১৯ টি একদিনের ম্যাচ খেলেছেন তিনি। টেস্টে ২৯.৫৪ গড়ে রান করেছেন ৩,৪৫৭। একদিনের ম্যাচে করেন ৬৫৩৬। গড় ৩৩.৬৯। ছয় বছর আগে হিথ স্ট্রিককে অধিনায়কের পদ থেকে সরানোর পর আরো অনেক খেলোয়াড়ের মতো গ্রান্টও জাতীয় দল ত্যাগ করেন। টেস্ট থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানো জিম্বাবুয়ে এখন বিশ্ব ক্রিকেটের মূল স্রোতে ফেরার চেষ্টা করছে। এজন্য দেশের ক্রিকেটকে নতুন করে ঢেলে সাজানো হচ্ছে। পুরনো বেশ কয়েকজন তারকা ক্রিকেটারকে দলে ফিরিয়ে আনা হয়েছে। জিম্বাবুয়ের কোচের দায়িত্ব নিয়েছেন অ্যালান ডোনাল্ড এবং জেসন গিলেস্পি। আর অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্ব রয়েছে নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার ক্রিস হ্যারিসের হাতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআই/এমএইচ/২০৫৫ ঘ.