২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়া জিতে নিল অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

পাকিস্তানকে ২৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। জেতার জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৮২ রানে, ৪৬.৪ ওভারে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২০৭।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2010, 10:03 AM

Updated : 24 Aug 2022, 06:29 PM

লিঙ্কন, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পাকিস্তানকে ২৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে অস্ট্রেলিয়া। জেতার জন্য অস্ট্রেলিয়ার বেঁধে দেয়া ২০৮ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে পাকিস্তানের ইনিংস গুটিয়ে যায় ১৮২ রানে, ৪৬.৪ ওভারে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে অস্ট্রেলিয়া ৯ উইকেটে করে ২০৭। বার্ট সাটক্লিফ ওভালে জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৫ রানে প্রথম উইকেট হারালেও দ্বিতীয় উইকেট জুটিতে বাবর আজম ও আহমেদ শেহজাদ ৫৪ রান করে দলকে এগিয়ে নেন অনেকখানি। ৬৯ রানের মাথায় ৩৬ রান করে শেহজাদের ফিরে যাওয়ার পর নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকে পাকিস্তানের। দলের পক্ষে সবচেয়ে বেশি ৪১ রান করেন অধিনায়ক আজিম ঘুম্মান। এছাড়া বাবর আজম করেন ২৮। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে জোস হ্যাজেলউড ৩০ রানে চার উইকেট নেন। লিউক ডোরান ৩ উইকেট নেন, ৩২ রানে। এর আগে টস জিতে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলকে ব্যাট করতে পাঠান পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। শুরুতেই অধিনায়কের সিদ্ধান্তের যথার্থতা প্রমাণ করেন তার দুই উদ্বোধনী বোলার ফায়াজ বাট ও সারমাদ ভাট্টি। মাত্র ২৩ রানের মধ্যে তিন ব্যাটসম্যানকে সাজঘরে ফিরিয়ে দিয়ে তারা চেপে ধরেন অস্ট্রেলিয়াকে। এ অবস্থায় অ্যালেক্স কিথ ও জ্যাসন ফ্লোরস হাল ধরেন দলের। জুটি বেঁধে ৫৭ রান তুলে দলের বিপর্যয় কাটাতে না কাটাতে আবারো বিপদে পড়ে অস্ট্রেলিয়া। ৮০ রানের মাথায় ফ্লোরস ৩৫ রান করে বিদায় নেন। এর পরপর ৮২ রানের মাথায় ফিরে যান কিথ (২৫)। আবারো ইনিংস মেরামতের কাজে নামতে হয় অসি ব্যাটসম্যানদের। টিম আর্মস্ট্রং ও টম ট্রিফিট এ কাজে কিছুটা সফলও হলেও বিপর্যয় পুরোপুরি কাটাতে পারেননি। ১২৭ রানের মাথায় ট্রিফিট (২১) বিদায় নেন। এরপর আর্মস্ট্রং ক্যান রিচার্ডসনের সঙ্গে জুটি বাঁধেন। দলের রানের সঙ্গে ৬২ যুক্ত হওয়ার পর সাজঘরে ফিরে যান রিচার্ডসন, ১৮৯ রানের মাথায়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ বলে ৪৪ রান করেন তিনি। এই ১৮৯ রানে আর্মস্ট্রংও (৩৭) আউট হয়ে গেলে অস্ট্রেলিয়া আর বেশি দূর এগুতে পারেনি। নির্ধারিত ৫০ ওভারে রান তোলে ২০৭, ৯ উইকেটে। পাকিস্তানি বোলারদের মধ্যে সারমাদ ভাট্টি ৩ উইকেট নেন ৩৩ রানে। ৩৭ রান দিয়ে ২ উইকেট নেন ফায়াজ বাট। ম্যাচ সেরার পুরস্কার পান হ্যাজেলউড। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫৫২ ঘ.