মুম্বাই, জানুয়ারি ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ পর্যন্ত দর্শক হয়েই বসে থাকতে হচ্ছে রাহুল দ্রাবিড়, যুবরাজ সিং ও শান্তকুমারন শ্রীশান্তকে। তাদের বদলে ১৫ সদস্যের দলে নেয়া হয়েছে তিনটি নতুন মুখ, সুব্রমনিয়াম বদ্রিনাথ, এ মিথুন ও ঋদ্ধিমান সাহাকে।
দল ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক বিবৃতিতে বৃহস্পতিবার বলা হয়, রাহুল দ্রাবিড়কে তিন সপ্তাহ বিশ্রাম নেয়ার পরমর্শ দেয়া হয়েছে। বাঁ-হাতের কব্জিতে চোট পাওয়ায় টেস্ট সিরিজে খেলতে পারছেন না যুবরাজ সিংও।
প্রথম টেস্ট শুরু হবে ৬ ফেব্র"য়ারি, নাগপুরে। দ্বিতীয় টেস্ট হবে কলকাতায়। শুরু হবে ১৪ ফেব্র"য়ারি।
বাংলাদেশ সফরে দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন সাহাদাত হোসেনের বাউন্সার হেলমেট ভেদ করে রাহুলের চোয়ালে আঘাত হানে। এতে তার চোয়ালের হাঁড়ে চিড় ধরে। কঠিন একটি ক্যাচ ধরতে গিয়ে কব্জির লিগামেন্ট ছিড়ে গেছে যুবরাজ সিংয়ের। এছাড়া প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে বল করার সময় কুচকিতে আঘাত পান শ্রীশান্ত।
দ্রাবিড়ের অনুপস্থিতিতে ব্যাটিংকে জোরদার করে তোলার জন্য বদ্রিনাথকে দলে নেয়া হয়েছে। ফাস্ট বোলার মিথুনকে নেয়া হয়েছে শ্রীশান্ত খেলতে না পারায়। বাড়তি উইকেটরক্ষক হিসেবে নেয়া হয়েছে উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋদ্ধিনাথকে।
আইসিসি র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা রয়েছে ঠিক পেছনেই।
দল: বীরেন্দ্র শেবাগ, গৌতম গম্ভীর, মুরালি বিজয়, শচীন টেন্ডুলকার, ভিভিএস লক্ষ্মণ, সুব্রামনিয়াম বদ্রিনাথ, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), হরভজন সিং, জহির খান, ইশান্ত শর্মা, অমিত মিশ্র, সুদ্বিপ তিয়াগি, প্রজ্ঞান ওঝা, এ মিথুন ও ঋদ্ধিনাথ সাহা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৮২৪ ঘ
bdnews24