২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আশা নিভে গেছে দপ করে, ভারতের জয় দশ উইকেটে

মাত্র আধ-ঘন্টার মধ্যে বাংলাদেশের সাজানো বাগান তছনছ হয়ে গেল। ২২ রানের মধ্যে হারিয়ে বসলো সাত উইকেট। ইনিংসও থেমে গেল ৩১২ রানে। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারলেও ভারতের কাছে দ্বিতীয় টেস্টে হার মানতে হলো দশ উইকেটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2010, 02:14 PM

Updated : 24 Aug 2022, 06:24 PM

ঢাকা, জানুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মাত্র আধ-ঘন্টার মধ্যে বাংলাদেশের সাজানো বাগান তছনছ হয়ে গেল। ২২ রানের মধ্যে হারিয়ে বসলো সাত উইকেট। ইনিংসও থেমে গেল ৩১২ রানে। ইনিংস ব্যবধানে পরাজয় এড়াতে পারলেও ভারতের কাছে দ্বিতীয় টেস্টে হার মানতে হলো দশ উইকেটে। জেতার জন্য মাত্র দুই রানের লক্ষ্যে পৌঁছে যায় দুই বলে, কোনো উইকেট না হারিয়ে। সেই সঙ্গে সিরিজও জিতে নিল বাংলাদেশকে হোয়াইট-ওয়াশ করে। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বুধবার টেস্টের চতুর্থদিন সকালে আগের দিনের প্রত্যাশা বাড়িয়ে তুললেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল ও নাইটওয়াচ-ম্যান সাহাদাত হোসেন। দ্বিতীয় ইনিংসে তিন উইকেটে ২২৮ রান নিয়ে দিনের খেলা বেশ ভালোভাবেই শুরু করেন দু'জনই। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আশাও বাড়তে থাকে। ২৯০ রানের মাথায় সাহাদাত হোসেনের ফিরে যাওয়ার পরই ছন্দপতন। আশাও নিভে গেল দপ করে, সুখ-স্বপ্ন পরিণত হলো দুঃস্বপ্নে। এরপর দলের রানের সঙ্গে যুক্ত হলো মাত্র ২২। আর একে একে যাওয়া-আসার খেলায় মেতে উঠলেন মোহাম্মদ আশরাফুল, অধিনায়ক সাকিব আল হাসান, রকিবুল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, শফিউল ইসলাম ও রকিবুল হাসান। অথচ আগেরদিনই উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবালের ১৫৫ ও ওয়ানডাউন জুনায়েদ সিদ্দিকীর ৫৫ রানের সুবাদে ৩ উইকেটে ২২৮ রান করে স্বপ্ন দেখাতে শুরু করেছিলেন ক্রিকেটাররা। দলের রানের সঙ্গে আরো ৬২ যোগ হওয়ার পর হরভজন সিংয়ের বলে বদলি খেলোয়াড় অমিত মিশ্রের হাতে ধরা পড়ার আগে সাহাদাত করেন ৪০। তার ৭৪ বলের ইনিংসে চার রয়েছে চারটি ও ছক্কা একটি। ক্রিজ থেকে বেরিয়ে গিয়ে তুলে মারতে গেলেন সাহাদাত লং-অনের ওপর দিয়ে। পারলেন না। ক্যাচটি লুফে নিতে খুব একটা অসুবিধা হয়নি অমিতের। এরপরই উইকেট বিলিয়ে দেয়ার প্রতিযোগিতায় নামলেন ব্যাটসম্যানরা। দলের রানের সঙ্গে আর এক যোগ হতেই ফিরে গেলেন আশরাফুল। প্রজ্ঞান ওঝার চমৎকার বলটি না খেললেই ভালো করতেন। বাড়তি বাউন্স ও বাঁক নিয়ে বেরিয়ে যাচ্ছিল। কিন্তু ব্যাকফুটে গিয়ে খেললেন। বলটি তার ব্যাট ছুঁয়ে জমা পড়লো উইকেটের পেছনে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাতে। ২৫ রান করলেও বল খেলেছেন ৬৫টি। চার মেরেছেন মাত্র ২টি। বোঝাই যায় উইকেটে টিকে থাকার চেষ্টা করছিলেন তিনি। কিন্তু ওঝার বলটি যেভাবে খেললেন তা আশা করা যায় না অভিজ্ঞ আশরাফুলের কাছ থেকে। এরপর ৩০১ রানের মাথায় অধিনায়ক সাকিব আল হাসান (৬ বলে ৭) সপাটে ব্যাট চালালেন ওঝার বলে। মারে যথেষ্ঠ জোরও ছিল। কিন্তু বলটি খুঁজে পেল স্কোয়ার লেগে গৌতম গম্ভীরকে। ৩০৪ রানের মাথায় রকিবুল হাসান (৫), মাহমুদুল্লাহ রিয়াদ (০) ও শফিউল ইসলাম (০) ফিরে গেলে ইনিংস ব্যবধানে হার এড়াতে পারবে কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। ঠিক এ সময়েই উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম দু'টি চার মেরে টপকে যান ভারতের প্রথম ইনিংসের আট উইকেটে ৫৪৪। বাংলাদেশের রান দাঁড়ায় ৯ উইকেটে ৩১২। সেই সঙ্গে শুরু হয় মধ্যাহ্ন-বিরতি। দ্বিতীয় পর্বের খেলা শুরু হতে না হতেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংসের পথ চলা। আর এক রানও যুক্ত হয়নি ৩১২-এর সঙ্গে। রুবেল হোসেন জহির খনের বলে সরাসরি বোল্ড হন কোনো রান না করে। অপর প্রান্তে তখন সঙ্গীহারা মুশফিক, ১০ রানে অপরাজিত। ভারতের বোলারদের মধ্যে ৭ উইকেট নেন জহির, ৮৭ রানে। ৭৭ রান দিয়ে ২ উইকেট নেন প্রজ্ঞান ওঝা। অপর উইকেটটি নেন হরভজন সিং। এজন্য তার খরচ হয় ৭৫। জয়ের আনুষ্ঠানিকতা সারতে কোনো রান করতে হয়নি ভারতের দুই উদ্বোধনী ব্যাটসম্যান বীরেন্দ্র শেবাগ ও গৌতম গম্ভীরকে। দু'টি রানই এসেছে অতিরিক্ত থেকে। বোলার ছিলেন সাকিব। ম্যাচ সেরা ও সিরিজ সেরা, পুরস্কার দু'টোই পেয়েছেন জহির খান। টস জিতে বাংলাদেশ ব্যাট করে প্রথম ইনিংসে ২৩৩ রান তোলে। জবাবে ৮ উইকেটে ৫৪৪ রান করে দান ছেড়ে দেন ধোনি। ফলে এগিয়ে যায় ভারত ৩১১ রানে। দুই টেস্টের সিরিজ ভারত জিতে নিল ২-০ ম্যাচে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৬১৬ ঘ.