২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের বিরুদ্ধে ব্যাটসম্যানদের উত্ত্যক্ত করার অভিযোগ

আইডিয়া কাপ সিরিজের প্রথম টেস্ট হারের পর আক্ষেপ করছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, প্রথম ইনিংসে একটু ভালো খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শেষদিনের প্রথম সেশনটা ভালো খেললেই ম্যাচে হয়তো বাংলাদেশই জিততো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2010, 02:00 PM

Updated : 24 Aug 2022, 06:17 PM

চট্টগ্রাম, জানুয়ারি ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আইডিয়া কাপ সিরিজের প্রথম টেস্ট হারের পর আক্ষেপ করছেন ক্রিকেটাররা। বৃহস্পতিবার ম্যাচের পর সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের সহ-অধিনায়ক মুশফিকুর রহিম বলেন, প্রথম ইনিংসে একটু ভালো খেলার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শেষদিনের প্রথম সেশনটা ভালো খেললেই ম্যাচে হয়তো বাংলাদেশই জিততো। ভারতীয় দলের বিরুদ্ধে তিনি বাংলাদেশের ব্যাটসম্যানদের উত্ত্যক্ত করারও অভিযোগ করেন। আপসোস বাংলাদেশ দলের নিত্য সঙ্গী। কখনো সম্ভাবনা জাগিয়ে, কখনো বা খুবই বাজে খেলে হেরে গিয়ে আক্ষেপ করেন ক্রিকেটাররা। ভুল থেকে শিক্ষা নেয়ার প্রতিশ্র"তি দেন। মুশফিকুর রহিমের কন্ঠেও আক্ষেপ ছিলো, "প্রথম সেশন ভালো খেলতে পারলে বাংলাদেশের জন্য স্মরণীয় দিন হয়ে থাকতো আজকের (বৃহস্পতিবার) দিনটা।" তিনি বলেন, "গতকাল (বুধবার) সাকিব বলেছিল তিনটা জিনিসই হতে পারে জয়, ড্র অথবা হার। আমাদের জন্য প্রথম সেশনটা ছিল গুরুত্বপূর্ণ। ওই সেশনে উইকেট হারিয়েছি তিনটা। আশরাফুল, তামিমের সেঞ্চুরি করার অভিজ্ঞতা আছে। টেস্টে অনেকক্ষণ ব্যাট করতে পারে। কিন্তু এই দু'জন আউট হওয়ায় প্রথম সেশনেই আমরা হেরে গেছি।" আক্ষেপের সঙ্গে যথারীতি প্রতিশ্র"তিও দিয়েছেন মুশফিক, "সবাই চেষ্টা করেছে ভালো খেলার। আমার সৌভাগ্য আজ (বৃহস্পতিবার) ভালো খেলেছি। প্রথম এবং দ্বিতীয় ইনিংসে অনেকে ভালো বলে আউট হয়েছে, আবার কেউ কেউ আউট হয়েছে বাজে বলে। আমিও প্রথম ইনিংসে বাজে বলে আউট হয়েছিলাম। আশা করি এই ভুলগুলো পরের ম্যাচে হবে না।" টেস্টের চতুর্থ দিন (বুধবার) বিকেলে অধিনায়ক সাকিব আল হাসান ঘোষণার সুরে বলেছিলেন, জয়ের জন্যই খেলবে তার দল। লক্ষ্য ঠিক করেছিলেন দিনের তিন সেশনই ব্যাট করার। সতীর্থদেরও দায়িত্ব নিয়ে খেলতে বলেছিলেন। কিন্তু তার প্রতিশ্র"তির ছাপ মাঠে দেখা যায়নি। এলোমেলো শট খেলে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন দলের প্রতিষ্ঠিত ব্যাটসম্যানরা। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও অতিমাত্রায় শট খেলতে গিয়ে আউট হয়েছেন অধিনায়ক। বৃহস্পতিবার বিকেলে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সেই সাকিবই তার কথা পাল্টে ফেলেন। বলেন, "আসলে প্রথম ইনিংসেই আমরা পিছিয়ে পড়েছিলাম। অন্তত এক শ' রানে এগিয়ে থাকলে দ্বিতীয় ইনিংসে লড়াই করা যেতো।" দুর্বল ব্যাটিং নিয়ে ভারতের মতো আইসিসি র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দলের বিপক্ষে যে চতুর্থ ইনিংসে ৪১৫ রানের লক্ষ্য তাড়া করা মোটেও সহজ নয়, তা সাকিবের ভালোই জানা ছিল। তারপরও ইতিবাচক, আর প্রত্যাশার কথা বলে দলনেতার দায়িত্ব পালন করেন তিনি। সতীর্থদের মনে রণাঙ্গনে লড়াই করার মতো সাহস যোগানোর চেষ্টা করেন। সাকিবের মতে, "যে অবস্থায় দিন শুরু করেছিলাম, তাতে অনেক ভালো করা সম্ভব ছিল। কিন্তু আমরা পেরে উঠিনি।" মুশফিকুর রহিমের সেঞ্চুরি ছাড়াও বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে একটি ছক্কাসহ ৪৫বার সীমানার ওপারে বল পাঠানোর পর কারোই বোঝার বাকি থাকে না যে ব্যাটিং-স্বর্গ হয়ে উঠেছিল চট্টগ্রামের উইকেট। এমনকি, তথাকথিত নিয়ম অনুযায়ী পিচে ভাঙ্গনও ধরেনি। তারপরও দিনের তৃতীয় সেশন পর্যন্ত ব্যাটিংয়ের সম্ভাবনা জাগাতে পারেননি স্বাগতিক দলের ক্রিকেটাররা। ড্র'র মানসিকতা নিয়েও খেলেননি। মুশফিকের কথাতেই বিষয়টি স্পষ্ট হয়ে ওঠেছে, "ড্র করার মানসিকতা নিয়ে খেললে প্রতিপক্ষ আমাদের পরিকল্পনা বুঝে যেতো। আমরা জয়ের জন্যই মাঠে নেমেছিলাম, কিন্তু হলো না।" ব্যাটিং ব্যর্থতার অন্যতম কারণ নিজেদের স্বাভাবিক খেলা খেলতে গিয়ে টেস্ট ম্যাচটিকে একদিনের ম্যাচের মতো করে খেলতে চেয়েছিলেন স্বাগতিক দলের ক্রিকেটাররা। আবার অতি-সতর্ক থাকতে গিয়ে আউট হন কেউ কেউ। মুশফিক বললেন, "সাকিব, তামিম সবাই নিজেদের স্বাভাবিক খেলা খেলার চেষ্টা করেছে। আমাকেও ইতিবাচক খেলার পরামর্শ দেয়া হয়েছিল। তবে অতি-সতর্ক হয়ে ভুল শটও খেলছিলাম।" স্বাগিতক দলের ব্যাটিং ব্যর্থতাই ভারতকে টেস্ট জয়ের সুযোগ করে দিয়েছে-ভারতের ভারপ্রাপ্ত অধিনায়ক বীরেন্দ্র শেবাগের ধারণা এ রকমই। তবে বোলারদের মান নিয়ে এখনও নিজের সিদ্ধান্ত থেকে সরে আসেননি শেবাগ। তার মতে, 'কন্ডিশনের' পুরো সুবিধা নিয়েই তাদের 'প্রায় অল-আউট' করেছেন সাকিবরা। ভারতীয় অধিনায়ক এখনও বিশ্বাস করেন কোনোভাবেই তাদের ২০ উইকেট নেয়ার ক্ষমতা নেই বাংলাদেশের। "তাছাড়া আমরা তো অল-আউট হইনি,"যুক্তি দেখানোর চেষ্টা করেন শেবাগ। তার ইনিংস ঘোষণার সিদ্ধান্তের কারণে বাংলাদেশ ২০ উইকেট নেয়ার সুযোগ পায়নি, এই মন্তব্যের জবাবে শেবাগ বলেন, "আমাদের তো টেস্ট জিততে হবে। ইনিংস ঘোষণা না করে উপায় ছিলো না।" জয়ের জন্য ভারতীয় অধিনায়ক শুধু কথা দিয়েই স্বাগতিকদের আক্রমণ করে ক্ষান্ত হননি, মাঠে বোলারদের লেলিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানদের উত্ত্যক্ত করতে। সংবাদ সম্মেলনে মুশফিকুর রহিমের এই অভিযোগ সম্পর্কে জানতে চাইলে শেবাগ তার ব্যাখ্যা দিতে অপারগতা প্রকাশ করেন। প্রথম ইনিংসে ২৪৩ রানে অল-আউট হওয়ার পরও দ্বিতীয় ইনিংসে বড় ইনিংস খেলে দলকে সাফল্য এনে দেয়ায় সতীর্থদের ধন্যবাদ জানাতে ভুল করেননি শেবাগ, "প্রথম ইনিংসে টেন্ডুলকার দারুণ একটা ইনিংস খেলেছেন। এরপর বোলাররা খুবই ভালো বল করেছে। বিশেষ করে, ইশান্ত শর্মা উইকেট থেকে দারুণ সুবিধা আদায় করে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে গম্ভীর সেঞ্চুরি করেছেন। সবার সম্মিলিত সাফল্যে টেস্টে জয় পেয়েছি।" এত কিছুর পরও মুশফিকের কথাই সবার কাছে সত্য বলে মনে হয়েছে। এমনকি, ভারতীয় সাংবাদিকদের কাছেও। বাংলাদেশ সহ-অধিনায়ক বলেন, "তারা যেভাবে আমাদের মূল্যায়ন করেন তা ঠিক নয়। শুধু উত্ত্যক্তই নয়, টেস্টের শুরু থেকে অনেক কথাই তারা বলেছেন। তাদের মতো বড় মাপের দল যদি আমাদের উৎসাহ না দেয়, তাহলে আমাদের তো করার কিছুই থাকে না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এস/টিআর/১৯৪৯ ঘ.