ঢাকা, জানুয়ারি ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা বিভাগ চেপে ধরেছে বরিশাল বিভাগকে। বুধবার প্রথম দিনে প্রতিপক্ষকে মাত্র ৮৯ রানে গুটিয়ে দিয়ে ৪২ রানে এগিয়ে গেছে ঢাকা। দিনের অন্য ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে তিন উইকেটে ১৯৬ রান তুলেছে খুলনা বিভাগ। আরেকটি ম্যাচে রাজশাহীর বিপক্ষে চট্টগ্রাম করেছে ১২৮, পাঁচ উইকেট হারিয়ে। তবে খারাপ আবহাওয়ার কারণে পুরো দিন খেলা হয়নি কোনো ম্যাচে।
খুলনায় জাতীয় ক্রিকেট লিগের ঢাকা ও বরিশাল বিভাগের ম্যাচটি কুয়াশার কারণে দেরিতে শুরু হয়। টস জিতে বরিশাল বিভাগকে ব্যাট করতে পাঠায় ঢাকা। দুই পেসার মো. শরীফ ও তালহা জুবায়েরের বোলিং তোপে মাত্র ৮৯ রানেই গুটিয়ে যায় যায় বরিশালের প্রথম ইনিংস। দলের পক্ষে আরাফাত সালাউদ্দিন ২৯ ও আরিফুল হক ২৪ রান করেন।
মো. শরীফ ৩৪ রানে ৫ উইকেট নেন। ৪ উইকেট নেন তালহা জুবায়ের, ৪১ রানে।
জবাবে ঢাকা দিন শেষে ৪ উইকেটে ১৩১ রান তুলেছে। উইকেটে আছেন আইয়ুব ৪৬ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটসম্যান নাদিফ চৌধুরি করেছেন ২২। এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান উত্তম সরকার করেন ৪০।
সাজিদুল ইসলাম তিন উইকেট নেন ৭৭ রানে।
বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে টস জিতে সিলেট বিভাগ ব্যাট করতে পাঠায় খুলনা বিভাগকে। ৩ উইকেট হারিয়ে খুলনা ১৯৬ রান তোলে। তুষার ইমরান ৫০ ও হাবিবুল বাশার ৩৮ রানে ব্যাট করছেন।
তাপস কুমার, নাবিল সামাদ ও নাজমুল একটি করে উইকেট নেন।
প্রয়োজনীয় আলোর অভাবে প্রথমদিনের খেলার সমাপ্তি টানা হয় আগেভাগে।
পিচ ভেজা থাকায় বিকেএসপিতে রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের ম্যাচটি দেরিতে শুরু হয়। রাজশাহী টসে জিতে চট্টগ্রামকে ব্যাট করার আমন্ত্রণ জানায়। প্রথম দিনের খেলা শেষে চট্টগ্রাম ৫ উইকেট হারিয়ে ১২৮ রান তোলে। আফতাব আহমেদ ৩৪ ও আরমান ১১ রানে ব্যাট করছেন।
রাজশাহীর শাহজাদা ৩ উইকেট নেন ৩৯ রানে। এছাড়া একটি করে উইকেট নেন সাকলায়েন সজিব ও ফরহাদ রেজা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/০০২৪ ঘ.
bdnews24