জোহানেসবার্গ, জানুয়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ডকে চেপে ধরেছে দক্ষিণ আফ্রিকা। গ্রায়েম স্মিথের সেঞ্চুরির ওপর ভর করে চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিন দুই উইকেটে রান করেছে ২১৫। প্রথম ইনিংসে ইংল্যান্ড ১৮০ রানে গুটিয়ে যাওয়ায় দক্ষিণ আফ্রিকা এগিয়ে গেছে ৩৫ রানে। হাতে উইকেট আছে আটটি।
নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে শুক্রবার বিনা উইকেটে ২৯ রান নিয়ে শুক্রবার দিনের খেলা শুরু করেন অ্যাশওয়েল প্রিন্স ও অধিনায়ক স্মিথ। দলের রানের সঙ্গে মাত্র ৭ যোগ হওয়ার পর ৩৬ রানের মাথায় স্টুয়ার্ট ব্রডের বলে গ্রায়েম সোয়ানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন উদ্বোধনী ব্যাটসম্যান প্রিন্স (১৯)।
কিন্তু ব্যাট করে যেতে থাকেন অপর উদ্বোধনী ব্যাটসম্যান স্মিথ। ইংল্যান্ডের সব বোলারদের নাকাল করে ১০৫ রান করেন ১৮৭ বলে। রায়ান সাইডবটমের বল গুড-লেঙথে পড়ে বেরিয়ে যাওয়ার মুখে স্মিথের ব্যাট ছুঁয়ে ফার্স্ট স্লিপে অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউসের হাতে জমা পড়ে। স্মিথ তার ২০তম সেঞ্চুরির ইনিংসটি সাজান ১৬টি চার দিয়ে।
এর আগে হাশিম আমলা ও স্মিথ দলের রানের সঙ্গে যুক্ত করেন ১৬৫। আমলা অপরাজিত রয়েছেন ৭৩ রানে। অপর অপরাজিত ব্যাটসম্যান জ্যাক ক্যালিস করেছেন ৭। এরপরই বৃষ্টি নামায় বন্ধ খেলা বন্ধ হয়ে যায়।
ইংল্যান্ডের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ব্রড ও সোয়ান।
চার টেস্টের সিরিজে ইংল্যান্ড ১-০ ম্যাচে এগিয়ে আছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২২৩০ ঘ
bdnews24