ঢাকা, জানুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্যর্থতার দায়টা নিজের কাঁধেই নিলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এবার আর শীতের শিশিরকে সামনে আনেননি। বরং আক্ষেপ হয়েছে পেসার আশিস নেহরা চোট পেয়ে বল করতে না পারায়। বললেন, আশীষ নেহরা থাকলে উইকেট থেকে ঠিকই সুবিধা আদায় করে নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিতে পারতো।
তবে আগে ব্যাট করে স্কোরটাকে যে বড় করতে পারেননি সে আক্ষেপ পোড়াচ্ছে ভারত অধিনায়ককে। সুরেশ রায়না ১০৬ রানের ইনিংস না খেললে পরিস্থিতি যে আরো নাজুক হতে পারতো সে ভয় ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনেও বয়ে নিয়ে এসেছেন ধোনি, তবে রায়নার অবদানের পরও স্কোরটা যে যথেষ্ট হয়নি সে কথাও বলেছেন,'২৪৫ রান লড়াইয়ের পুঁজি হতে পারে না। আরো কিছু রান দরকার ছিল। কিন্তু আমরা তা করতে পারিনি।'
বোলিং নিয়ে আক্ষেপ নেই ভারত অধিনায়কের। বরং বোলারদের প্রশংসাই করেছেন,'বোলাররা ভালো করেছে। প্রথম দুই ম্যাচে তাদের ফর্ম নিয়েই শঙ্কায় পড়ে গিয়েছিলাম। তাদের ফর্ম ফিরে পাওয়াটাই দলের জন্য গুরুত্বপূর্ণ। '
শ্রীলঙ্কার অধিনায়ক কুমার সাঙ্গাকারা জয়ের আনন্দে ভাসতে ভাসতেই এসেছিলেন সংবাদ সম্মেলনে, ফুরফুরে মেজাজেই জানালেন, রাতটি খুব ভালো কাটবে, অনেক আনন্দ করবেন সবাই মিলে। সঙ্গে আরো বললেন,'শুধু একটা টুর্নামেন্ট জিতেই আমরা সন্তুষ্ট থাকতে পারি না। আমাদের আরো ধারাবাহিক হতে হবে। একটি আদর্শ দল হিসেবে তৈরি হতে হলে বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে আমাদের।'
এ আসরের সবচেয়ে ভাগ্যবান মানুষ কুমার সাঙ্গাকারা। কারণ যেখানে টসই গড়ে দেয় ম্যাচের ভাগ্য সেখানে একটা ম্যাচেও টস হারেননি তিনি। ফাইনালেও টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠালেন, কুলাসেকারা আর ওয়ালেগেদারা টপাটপ তুলে নিলেন ভারতের প্রথম ৫ উইকেট। ৬০ রানে ৫ উইকেট হারানোর কারণেই যে ভারত আর বড় সংগ্রহ গড়তে পারেনি তা সাঙ্গাকারাও স্বীকার করেছেন,'ভারতের ২০/৩০ রান কম হয়েছে। রানটা আকেটু বড় হলেই চাপে পড়ে যেতাম আমরা। ভেবেছিলাম পাঁচ ওভার পরই শিশির পড়বে। কিন্তু তা না হওয়ায় খেলাটা অসম্ভব কঠিন হয়ে উঠেছিল।'
টুর্নামেন্টে দারুণ পারফর্ম করে সেরা খেলোয়াড় হয়েছেন অধিনায়ক কুমার সাঙ্গাকারা নিজেই। ফাইনালের সেরা শুরুতেই ভারতীয় ব্যাটিংয়ের কোমর ভেঙ্গে দেয়া কুলাসেকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/০০১৭ ঘ.
bdnews24