ঢাকা, জানুয়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)'র সিদ্ধান্তই মেনে নিয়েছে বাংলাদেশ ক্রিকেটার কল্যাণ সমিতি (কোয়াব)। ধর্মঘট প্রত্যাহার করে জাতীয় ক্রিকেট লিগে খেলছেন ক্রিকেটাররা। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোয়াব এ কথা জানিয়েছে।
ছয়টি বিভাগীয় দল নিয়ে ১৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে জাতীয় ক্রিকেট লিগ। নতুন করে দল সাজাচ্ছে বিভাগীয় ক্রিকেট কমিটি। তবে নির্বাচিত দল মাঠে নামানোর আগে বিসিবি থেকে চূড়ান্ত অনুমোদন নিতে হবে বিভাগীয় ক্রিকেট কর্মকর্তাদের।
ম্যাচ ফি এবং ম্যাচ সংখ্যা বাড়ানোর দাবিতে ২৭ ডিসেম্বর জাতীয় লিগ বয়কটের ডাক দিয়েছিল কোয়াব। ক্রিকেটাররাও কোয়াবের আহবানে সাড়া দেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে সমাধান না হওয়ায় জরুরী সভা ডেকে জাতীয় লিগের নতুন সময় সূচি ঘোষণা করে বিসিবি। সঙ্গে আগের ম্যাচ ফি এবং আনুষঙ্গিক সুযোগ সুবিধাও বহাল রাখা হয়।
শেষ পর্যন্ত বিসিবির কাছ থেকে আলোচনার আহবান না পেয়ে নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসেন কোয়াব সদস্যরা। কোয়াব সাধারণ সম্পাদক দেবব্রত পাল সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,'ক্রিকেট বোর্ড আর্থিক সংকটে আছে সংবাদ সম্মেলনেই ঘোষণা দিয়েছিলেন বিসিবি সভাপতি। আমরা তাদের অভাব-অনুযোগ মেনে নিয়েই ২০০৮-০৯ মৌসুমের ম্যাচ ফি নিয়েই খেলতে রাজি আছি। এতে নতুন মৌসুমে তাদের খরচ বেঁচে যাবে।'
এ বিষয়ে বিসিবির টুর্নামেন্ট কমিটির সভাপতি গাজী আশরাফ হোসেন লিপু বলেন,'কোয়াব তাদের প্রস্তাব দিয়েছে, আমরা আমাদের কাজ করবো। বিভাগীয় ক্রীড়া সংস্থাকে দল পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে। আমরা শুধু তাদের দেখ-ভাল করবো। সুযোগ সুবিধা বাড়ানো বা কমানো না-ও হতে পারে।'
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/এসি/২০৩০ ঘ.
bdnews24