২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেতার জন্যই মাঠে নামবে বাংলাদেশ, শ্রীলঙ্কা

ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা জয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2010, 02:54 PM

Updated : 24 Aug 2022, 06:01 PM

ঢাকা, জানুয়ারি ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ত্রিদেশীয় টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রত্যাশা জয়। অধিনায়ক সাকিব আল হাসান রোববার ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে সেকথাই বললেন জোর দিয়ে। শ্রীলঙ্কার কোচ ট্রেভর বেলিসেরও বিশ্বাস জয় দিয়েই নতুন বছর শুরু করবে তার দল। বোঝাই যাচ্ছে সোমবারের দিন-রাতের ম্যাচে লক্ষ্য পূরণে মরিয়া হয়ে উঠবে দুই দল। যদিও সাফল্য ও ব্যর্থতার পুরোটাই নির্ভর করবে মাঠের সুযোগ কাজে লাগানোর ওপর। কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাতে সামর্থের পুরোটা উজাড় করে দিতে প্রস্তুত বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সাকিবের বিশ্বাস নিজেদের সেরাটা খেলতে পারলে শুধু শ্রীলঙ্কা নয়, বিশ্বের যে কোন দলকেই হারাতে পারে বাংলাদেশ। বলেন, 'শ্রীলঙ্কাকে হারাতে হলে অলরাউন্ড নৈপূণ্য দেখাতে হবে। জানি কাজটি কঠিন। তারপরও লক্ষ্য অর্জনে আমাদের চেষ্টার কমতি থাকবে না।' স্বতীর্থদের ওপর ভরসা আছে অধিনায়কের। উদ্বোধনী জুটিতে অভিজ্ঞ তামিম ইকবালের সঙ্গে ইমরুল কায়েস ও নতুন মুখ পেসার শফিউল ইসলাম, দু'জনের কেউই বিমুখ করবে না বলেই মনে করেন সাকিব। বাকি ৯ জনের অভিজ্ঞতার ঝুলি বেশ সমৃদ্ধ। নিজেদের মধ্যে বোঝাপড়াটাও চমৎকার। সব মিলে গত বছরের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা থাকবে স্বাগতিক দলের ক্রিকেটারদের। কোচ জেমি সিডন্সের অনুমান, শ্রীলঙ্কার বিপক্ষে ভালই খেলবে তার দল। বলেন, 'গত বছরটা আমাদের ভালো কেটেছে। আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের পাশাপাশি ঘরোয়া ক্রিকেট নিয়ে ব্যস্ত সময় কাটিয়েছে ছেলেরা। প্রস্তুতিতেও ঘাটতি নেই। আমার বিশ্বাস চেষ্টা করলে প্রত্যাশা অনুযায়ী খেলতে পারবে ক্রিকেটাররা।' প্রতিপক্ষ শ্রীলঙ্কাকে সম্মানের চোখেই দেখছেন কোচ এবং অধিনায়ক। স্পিনের মায়াবি যাদুকর মুত্তিয়া মুরালিধরণ এবং অজান্তা মেন্ডিস না থাকলেও স্বস্তিতে চোখ বন্ধ করে রাখতে নারাজ কোচ জেমি সিডন্স। তার মতে, 'মুরালি-মেন্ডিসের জায়গায় যারা এসেছেন তারা হয়তো আরো ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন।' তবে প্রতিপক্ষ ব্যাটসম্যান এবং বোলারদের দক্ষতা সামালাতে স্বাগতিক দলের ক্রিকেটাররা এবার বেশ কাজ করেছে বলে জানান সাকিব। যদিও নতুনদের সম্পর্কে খুব বেশি ধারণা নেই তার। তিনি বলেন, 'শ্রীলঙ্কার বর্তমান দলের বেশির ভাগ ক্রিকেটারই নবীন। সে দিক দিয়ে আমরা বেশ অভিজ্ঞ। তাই কিছুটা হলেও এগিয়ে থাকবো আমরা।" চোটের কারণে দলে নেই অভিজ্ঞ মাহেলা জয়াবর্ধনে। সনাৎ জয়াসুরিয়াসহ বেশ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের অভাব কিছুটা হলেও চিন্তার কারণ হয়ে উঠতে পারে। যদিও কোচ ট্রেভার বেলিস এসবকে আমলেই নিচ্ছেন না। তার মতে, মাঠের সুযোগ কাজে লাগাতে পারলে সাফল্য আসবেই। তরুণদেরই তুরুপের তাস হিসেবে কাজে লাগাতে চান তিনি। তাই বলে সাকিবদেরও হেলাফেলা করছেন না। বাংলাদেশকে ভালো দলের স্বীকৃতিই দিলেন শ্রীলঙ্কার কোচ, 'গত বছর খুবই ভালো সময় পার করেছে বাংলাদেশ। আমাদের বিপক্ষেও জয় আছে তাদের। নিজেদের দিনে বিশ্বের যে কোন দলকে হারানোর সামর্থ্য তাদের আছে। নিঃসন্দেহে প্রতিপক্ষ হিসেবে ভাল দল বাংলাদেশ।' দিন-রাতের এই ম্যাচে শিশিরকেও প্রতিপক্ষ মনে করছেন বেলিস। দ্বিতীয় ইনিংসে ফিল্ডিংয়ে শিশির কিছুটা সমস্যা হয়ে দেখা দেবে বলেই তার ধারণা। সেই সঙ্গে টস-ভাগ্যও গুরুত্বপূর্ণ। আগে ব্যাটিংয়ের সুযোগ পেলে দলের কাছে বড় স্কোর চাইবেন বেলিস, যাতে প্রতিপক্ষকে সামাল দেয়া সহজ হয়। পরিসংখ্যানে এগিয়ে থাকা শ্রীলঙ্কার সঙ্গে হেসে-খেলে জয়ের অভিজ্ঞতা বাংলাদেশের নেই। সামর্থ্যরে বিচারে অনেকটাই এগিয়ে ১৯৯৬ সালের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। এ পর্যন্ত শ্রীলঙ্কার বিপক্ষে ২৬ ম্যাচ খেলে বাংলাদেশ জিতেছে মাত্র দু'বার। বাকি ২৪ ম্যাচ জয় পেয়েছে শ্রীলঙ্কা। নিশ্চয়ই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে অদম্য সিংহলিরা। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সোমবার দুপুর আড়াইটায় শুরু হবে খেলা। বাংলাদেশ টেলিভিশনসহ সরাসরি খেলা দেখাবে নিও টেলিভিশন চ্যানেল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২০৪২ ঘ.