ঢাকা, সেপ্টেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টোয়েন্টি-টোয়েন্টি ক্রিকেট চালু হওয়ায় একদিনের ক্রিকেটের জনপ্রিয়তায় কিছুটা হলেও ভাটা পড়েছে। তাই নতুন আঙ্গিকে একদিনের ক্রিকেট চালু করার কথা ভাবছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ৫০ ওভারের ম্যাচকে ২৫ ওভার করে চার ভাগে ভাগ করার চিন্তা-ভাবনা করা হচ্ছে। যদি এমনটি ঘটে, তাহলে প্রত্যেক দলকে দু'বার ব্যাটিং ও বোলিং করতে হবে।
বিবিসি স্পোর্টসের সঙ্গে এক সাক্ষৎকারে আইসিসি ক্রিকেট ম্যানেজার ডেভ রিচার্ডসন বলেন, "এমনটা হলে সত্যিই ভালো হয়। দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে এ ব্যাপারে পরীক্ষা-নিরীক্ষা করা যেতে পারে।"
"দিন-রাতের একদিনের ম্যাচে নতুন এই ফরম্যাট কাজে লাগবে বলে আমার বিশ্বাস। টসে হেরে ম্যাড়ম্যাড়ে উইকেটে ব্যাট করতে নামা দলের জন্য এটি নিঃসন্দেহে সুফল বয়ে আনবে," বলেন তিনি।
রিচার্ডসন বলেন, একদিনের ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে নতুন এই ফরম্যাট কাজে লাগবে।
একদিনের ক্রিকেটে ভারসাম্য আনতে ২৫ ওভার করে চারটি ইনিংস করা যেতে পারে বলে গত সপ্তাহে মত দেন শচিন টেন্ডুলকার।
এ ব্যাপারে আগামী বছরের মে মাসে আইসিসির বার্ষিক সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
(ক্রিকোইনফোর সহায়তায়)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০০ ঘ.
bdnews24