চেন্নাই, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - এমনিতেই দলে নেই মারকুটে ব্যাটসম্যান বীরেন্দর শেভাগ। নেই অভিজ্ঞ পেসার জহির খান। এবার কুচকিতে চোট পাওয়ায় ইনফর্ম উদ্বোধনী ব্যাটসম্যান গৌতম গম্ভীরও চলে গেলেন দলের বাইরে। খেলতে পারছেন না শ্রীলঙ্কায় তিন জাতির ক্রিকেট সিরিজ।
ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, দশদিন বিশ্রাম নেওয়ার জন্য দেশে ফিরে আসবেন বাঁ-হাতি এই ব্যাটসম্যান।
গম্ভীরের বদলে কাকে শ্রীলঙ্কা পাঠানো হচ্ছে সে ব্যাপারে কোন কিছুই বলা হয়নি বিবৃতিতে।
কাঁধের অপারেশনের পর ধীরে ধীরে সেরে উঠছেন বীরেন্দর শেভাগ ও জহির খান। তারপরও চ্যাম্পিয়ন্স ট্রফির আগে তাদের সেরে ওঠা সম্ভব নয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে শুক্রবার সিরিজের প্রথম ম্যাচ খেলবে ভারত। পরদিনই স্বাগতিক শ্রীলঙ্কাকে মোকাবিলা করবে। ফাইনাল হবে ১৪ সেপ্টেম্বর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/টিআর/১৯০৯ ঘ.
bdnews24