২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইংল্যান্ডের সামনে ২৫০ রানের লক্ষ্য

ক্যালাম ফার্গুসনের অর্ধ শতক ও মিচেল জনসনের ঝড়ো ইনিংসে লড়াইয়ের মতো পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। আট উইকেটে রান তুলেছে ২৪৯। জেতার জন্য ইংল্যান্ডকে করতে হবে ২৫০।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2009, 02:12 PM

Updated : 26 Aug 2022, 12:01 PM

ঢাকা, সেপ্টেম্বর ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ক্যালাম ফার্গুসনের অর্ধ শতক ও মিচেল জনসনের ঝড়ো ইনিংসে লড়াইয়ের মতো পুঁজি পেয়েছে অস্ট্রেলিয়া। আট উইকেটে রান তুলেছে ২৪৯। জেতার জন্য ইংল্যান্ডকে করতে হবে ২৫০। লর্ডসে ন্যাটওয়েস্ট সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে রোববার টস জিতে ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস অস্ট্রেলিয়াকে ব্যাটিং-এ পাঠান। শুরুটা বেশ ভালোই করেছিলেন অস্ট্রেলিয়ার দুই উদ্বোধনী ব্যাটসম্যান শেন ওয়াটসন ও টিম পেইন। কিন্তু মাত্র ১১ রানের ব্যবধানে টিম ব্রেসন্যান ও লিউক রাইট তিন উইকেট নিয়ে ম্যাচে ফেরান ইংল্যান্ডকে। ১৪ ওভার ৫ বলে উদ্বোধনী জুটিতে ৬৪ রান তুলে বিদায় নেন শেন ওয়াটসন। ৪৯ বলে ৩৪ রান করে ব্রেসন্যানের বলে রাইটের হাতে ধরা পড়েন তিনি। চার মেরেছেন চারটি। দলের রানের সঙ্গে মাত্র দুই রান যোগ হওয়ার পরই সাজঘরে ফিরে যান অন্য উদ্বোধনী ব্যাটসম্যান টিম পেইন। রাইটের বলে মর্গানের হাতে ধরা পড়েন তিনি। তখন তার ব্যক্তিগত রান ছিল ২৬। ৪৪ বল খেলে চার মেরেছেন দু'টি। দলীয় ৭৩ রানের মাথায় ভারপ্রাপ্ত অধিনায়ক মাইকেল ক্লার্ক রাইটের বলে উইকেটের পেছনে ম্যাট প্রায়রের হাতে ধরা পড়েন। ১১ বল খেলে তিনি রান করেছেন ৪। এরপর ক্যামেরোন হোয়াইট ও ক্যালাম ফার্গুসন ৬৯ রানের জুটি গড়ে দলকে এগিয়ে নেন অনেকখানি। দলীয় ১৪২ রানের মাথায় রবি বোপারার বলে উইকেটের পেছনে ধরা পড়েন হোয়াইট। ৬৬ বলে তিনি রান করেছেন ৪২। তবে অত্যন্ত আক্রমণাত্মক ব্যাটিং করেন ফার্গুসন। ৫৮ বলে ৫৫ রান করে জেমস অ্যান্ডারসনের বলে সরাসরি বোল্ড হন তিনি। তখন দলের রান ছিল ২০১। এর আগে আউট হন মাইক হাসি (৮) ও জেমস হোপস (১১)। এক পর্যায়ে মনে হচ্ছিল আ্ড়াই শ' রানের লক্ষ্য ছুঁড়ে দেওয়া অস্ট্রেলিয়ার পক্ষে সম্ভব নয়। কিন্তু তা ভুল প্রমাণ করেন মিচেল জনসন। মাত্র ২৩ বলে ৪৩ রান করেন তিনি। দড়ির ওপারে বল পাঠান পাঁচবার। অ্যান্ড্রু স্ট্রাউস ঘুরিয়ে-ফিরিয়ে সাতজন বোলার ব্যবহার করেন। তাদের মধ্যে পল কলিংউড ছাড়া উইকেট পেয়েছেন সবাই। রাইট ও গ্রায়েম সোয়ান দু'টি করে উইকেট নিয়েছেন। আর একটি করে উইকেট নিয়েছেন জেমস অ্যান্ডারসন, রায়ান সাইডবটম, ব্রেসন্যান ও রবি বোপারা। সাত ম্যাচের একদিনের সিরিজে অস্ট্রেলিয়া ১-০ তে এগিয়ে আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/২০৩০ ঘ.